ফরিদপুরে তারেক রহমানের প্রথম জনসভা বুধবার

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বুধবার (৪ ফেব্রুয়ারি) ফরিদপুরে যাচ্ছেন বিএনপির চেয়্যারম্যান তারেক রহমান। শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। ওই সমাবেশে ২ লাখেরও বেশি মানুষের সমাগম হবে বলে আশা করছে জেলা বিএনপি।
ফরিদপুরে এটিই হবে তারেক রহমানের প্রথম জনসভা, যেখানে তিনি সরাসরি বক্তব্য দেবেন। এর আগে, ২০০৫ সালে গোপালগঞ্জ থেকে ঢাকা যাওয়ার পথে তিনি প্রায় এক ঘণ্টার জন্য ফরিদপুর সার্কিট হাউসে যাত্রাবিরতি করেছিলেন।

জেলা বিএনপি সূত্রে জানা গেছে, জনসভাকে ঘিরে প্রস্তুতি শেষ পর্যায়ে। জনসভা উপলক্ষে বুধবার শহরের দুটি প্রধান প্রবেশপথ—পুরাতন বাসস্ট্যান্ড ও টেপাখোলা এলাকা দিয়ে কোনো যানবাহন শহরে ঢুকতে দেওয়া হবে না। বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পাঁচ জেলা—শরীয়তপুর, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ ও ফরিদপুর থেকে নেতাকর্মীরা সমাবেশে যোগ দেবেন। সভায় এ অঞ্চলের ১৫টি আসনের দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে।
বিএনপি চেয়ারম্যানের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়েছে, তারেক রহমান দুপুর ১টার দিকে হেলিকপ্টারযোগে বরিশাল থেকে ফরিদপুরে পৌঁছাবেন। জনসভা শেষে দুপুর ২টা ৪৫ মিনিটে একই হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। সমাবেশস্থলের পাশের ফরিদপুর স্টেডিয়ামে হেলিকপ্টারটি অবতরণ করতে পারে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি বলে জানিয়েছে জেলা বিএনপি।
মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে সরেজমিনে রাজেন্দ্র কলেজ মাঠে গিয়ে দেখা গেছে, মাঠের দক্ষিণ পাশের মাঝামাঝি স্থানে ৭০ ফুট দৈর্ঘ্য, ৩০ ফুট প্রস্থ ও ৭ ফুট উচ্চতার একটি মঞ্চ নির্মাণের কাজ চলছে। মঞ্চের পাটাতনের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। মাঠের মাঝখানে একটি সারিতে ১৫ গজ পরপর দুটি করে মাইক বসানো হয়েছে। কলেজের সামনে একটি পিকআপে পাঁচটি সাউন্ড বক্স ও ৪১টি মাইক আনা হয়েছে, যা পর্যায়ক্রমে স্থাপন করা হবে। ফরিদপুর পৌরসভার একটি পানির গাড়ি মাঠে পানি ছিটিয়ে সমতল করার কাজ করছে। পাশাপাশি অন্যান্য প্রস্তুতিমূলক কাজও চলমান।

প্রস্তুতি কার্যক্রম তদারকিতে সার্বক্ষণিক মাঠে অবস্থান করছেন জেলা বিএনপির নেতারা। মাঝে মধ্যে ফরিদপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহসাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান এবং কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক নায়াব ইউসুফ মাঠ পরিদর্শনে যাচ্ছেন।
জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া বলেন, আমরা এবং সিএসএফ (চেয়ারপার্সন সিকিউরিটি ফোর্স) স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে চেয়ারম্যানের নিরাপত্তা নিয়ে কাজ করছি। প্রস্তুতির কাজ চলছে। খুব দ্রুততম সময়ের মধ্যেই সব কাজ শেষ করতে পারব।
জহির হোসেন/এএমকে