ফরিদপুরে তারেক রহমানের সমাবেশে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

ফরিদপুরে তারেক রহমানের সমাবেশস্থলে আসতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা। তাদের অনেকের মাথায় বিএনপির লোগো সম্বলিত ক্যাপ ও ব্যানার রয়েছে। মঞ্চে স্থানীয় নেতারা বক্তব্য দিচ্ছেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) ফরিদপুরে এটিই হবে তারেক রহমানের প্রথম জনসভা, যেখানে তিনি সরাসরি বক্তব্য দেবেন। এর আগে ২০০৫ সালে গোপালগঞ্জ থেকে ঢাকা যাওয়ার পথে তিনি প্রায় এক ঘণ্টার জন্য ফরিদপুর সার্কিট হাউসে যাত্রাবিরতি করেছিলেন।
জেলা বিএনপি সূত্রে জানা গেছে, জনসভাকে ঘিরে সকল প্রস্তুতি শেষ হয়েছে। সমাবেশের আশপাশে পানি খাওয়ার জন্য ভ্রাম্যমাণ পানির ট্যাংক স্থাপন করা হয়েছে। নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা রয়েছে কলেজ মাঠ ও আশপাশের এলাকাজুড়ে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিএনপি ও সহযোগী সংগঠনের স্বেচ্ছাসেবকরা নিরাপত্তা ও শৃঙ্খলার কাজে নিয়োজিত রয়েছে।
জনসভা উপলক্ষ্যে আজ সকাল থেকেই শহরের দুটি প্রধান প্রবেশপথ—পুরাতন বাসস্ট্যান্ড ও টেপাখোলা এলাকা দিয়ে যানবাহন শহরে ঢোকা নিয়ন্ত্রণ করা হচ্ছে। এ সভায় শরীয়তপুর, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ ও ফরিদপুর—থেকে নেতাকর্মীরা সমাবেশে যোগ দেবেন। সভায় এ অঞ্চলের ১৫টি আসনের দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে।
বিএনপি চেয়ারম্যানের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়েছে, তারেক রহমান বেলা ১১টার দিকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে হেলিকপ্টারযোগে রওনা হবেন। দুপুর ১২টার দিকে বরিশাল বেলস পার্ক মাঠে বরিশাল বিভাগীয় নির্বাচনী সমাবেশে বক্তব্য দেবেন। পরে দুপুর একটার দিকে হেলিকপ্টারযোগে বরিশাল থেকে ফরিদপুরে পৌঁছাবেন। ১ টা ৪৫ মিনিটে জনসভা মঞ্চে উঠবেন।
ফরিদপুরের জনসভা শেষে দুপুর ২টা ৪৫ মিনিটে একই হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হবেন। বিকেল সাড়ে তিনটার দিকে গুলশানের বাসায় পৌঁছানোর কথা রয়েছে তারেক রহমানের।
জহির হোসেন/এসএইচএস