ছাত্রদল নেতা সিফাত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

ভোলায় ছাত্রদল নেতা সিফাত হাওলাদারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনার মূল পরিকল্পনাকারীসহ মামলার দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৮ এর ভোলা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার শাহরিয়ার রিফাত অভি। এরআগে, বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিনগত মধ্যরাতে সিলেটের শ্রীমঙ্গল পৌরসভা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মামলার ১ নম্বর আসামি ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. হেলাল উদ্দিনের ছেলে মো. হাসিবুর (৩৭) ও মামলার ৩ নম্বর আসামি একই গ্রামের বাসিন্দা মোক্তার হাওলাদারের ছেলে মো. রনি হাওলাদার (৩৮)।
লেফটেন্যান্ট কমান্ডার শাহরিয়ার রিফাত অভি বলেন- র্যাব-৮ এর ভোলা ক্যাম্প ও র্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্প এর যৌথ অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, পূর্ব শত্রুতা ও স্থানীয় রাজনীতির জেরে গ্রেপ্তারকৃত এজাহারনামীয় ১ নম্বর আসামি হাসিবুর রহমান ও ৩ নম্বর আসামি মো. রনি হাওলাদারসহ অপরাপর আসামিরা গত ২৪ ডিসেম্বর সন্ধ্যায় দেশীয় তৈরি ধারালো অস্ত্রশস্ত্র দিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করে মৃত্যু নিশ্চিত করে এবং ভিকটিমের সাথে থাকা ১ লাখ ১০ হাজার টাকা নিয়ে যায়। ঘটনাটি মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয় এবং জনমনে চাঞ্চল্যের সৃষ্টি করে। পরবর্তীতে র্যাব আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে।
র্যাবের এ কর্মকর্তা আরও বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।
খাইরুল ইসলাম/এসএইচএ