রাজশাহীতে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকায় ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে পুলিশের হামলার প্রতিবাদে রাজশাহীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর তালাইমারীর মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী এবং শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। রাত ৮টায় শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি চলছিল।
এ সময় শিক্ষার্থীরা তালাইমারি মোড়ে সড়কের মাঝে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। টায়ার জ্বালিয়ে আগুন ধরান। এর ফলে এই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এই সড়কে চলাচল করা যানবাহনগুলো বিকল্প সড়কে চলাচল করছে।
আন্দোলনকারী জানান, জাতিসংঘের অধীন শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে ইনকিলাব মঞ্চের যে অবস্থান কর্মসূচি চলছিল তা ছিল শান্তিপূর্ণ। পুলিশ তাদের ওপরে হামলা চালিয়েছে। তারা হামলাকারী পুলিশের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। একইসাথে জাতিসংঘের অধীন হাদি হত্যার নিরপেক্ষ তদন্ত দাবি করেন। এর আগে একই দাবিতে রাকসু নেতৃবৃন্দ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন।
এর আগে শুক্রবার বিকেলে পৌনে ৪টার দিকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে ওসমান হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে ও হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান কর্মসূচি পালন করছিলেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এ সময় পুলিশের হামলায় ইনকিলাব মঞ্চের জাবের ও রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মারসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
শাহিনুল আশিক/আরএআর