আচরণবিধি লঙ্ঘন করায় জামায়াত প্রার্থীকে শোকজ

জামালপুরে আচরণবিধি লঙ্ঘন করে কর্মী-সমর্থকরা মোটরসাইকেল শোডাউন করায় জামালপুর-৫ (জামালপুর সদর) আসনের জামায়াত ইসলামীর এমপি প্রার্থী জেলা জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বে থাকা অর্থঋণ আদালতের জজ মো. ইকবাল হোসেন এই নোটিশ দেন।
নোটিশে বলা হয়েছে, নিয়ম ভঙ্গ করে মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তারের পক্ষে তার কর্মী-সমর্থকরা মোটরসাইকেল শোভাযাত্রাসহ শোডাউন করে নির্বাচনী প্রচার-প্রচারণার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়। যা নির্বাচনী এলাকা-১৪২ জামালপুর-৫-এর নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দৃষ্টিগোচর হয়েছে। এতে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৯(ক) এর লঙ্ঘন হয়।
জামায়াতের প্রার্থীকে আগামী ৮ ফেব্রুয়ারি দুপুর ১২টায় কমিটির কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এ ছাড়া, জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) কারণ দর্শানো নোটিশটি দ্রুত প্রার্থীকে প্রেরণ করার জন্যও নির্দেশ প্রদান করা হয়।
জামায়াত ইলামীর প্রার্থী ও জেলা জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তার বলেন, নোটিশের বিষয়ে জেনেছি, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। যথা সময়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদান করবো।
মুত্তাছিম বিল্লাহ/এএমকে