প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে পেশাজীবীদের দক্ষ হওয়ার তাগিদ

রাজধানীর অদূরে পূর্বাচলের ‘গ্রামের বাড়ি পার্ক’-এ গত শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্স ফর ডিজেবিলিটি প্রফেশনালস (বিএনএডিপি)-এর বর্ষপূর্তি ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার রক্ষায় ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেলরী টেইলর ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি ডগলাস গ্ল্যান মেগি। তিনি তার বক্তব্যে প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়নে নীতি নির্ধারণী পর্যায়ে প্রভাব বিস্তার, পেশাজীবীদের জন্য নিরবচ্ছিন্ন শিক্ষা, সক্ষমতা বৃদ্ধি, জনসচেতনতা তৈরি এবং গবেষণা ও প্রকাশনার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
সভায় সংগঠনের সদস্যদের সরাসরি ভোটে কার্যনির্বাহী কমিটির ৫টি পদে মোট ৭ জন প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন:
সভাপতি : ড. মাহবুবুর রহমান
সহ-সভাপতি : শাম্মী হুমায়রা ইভা ও ফারহানা রহমান মিতু
সাধারণ সম্পাদক : ড. এস এম ইমরান শোয়েব
যুগ্ম সাধারণ সম্পাদক : মো. সিমানুর রহমান ও নাহিদা সুলতানা
কোষাধ্যক্ষ : মো. রাসেল খান
নির্বাচিত প্রতিনিধিরা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও কল্যাণমুখী করতে সকল সদস্যের সহযোগিতা কামনা করেন।
সভাপতির বক্তব্যে রেহান রাজু নবনির্বাচিত প্রতিনিধিদের অভিনন্দন জানিয়ে বলেন, নতুন কমিটি দক্ষতা, মানবিকতা ও সহনশীলতার ভিত্তিতে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সদা সচেষ্ট থাকবে।
প্রতিষ্ঠালগ্ন থেকেই এই সংগঠনটি প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সংরক্ষণ, সংশ্লিষ্ট পেশাজীবীদের দক্ষতা উন্নয়ন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে আসছে। অনুষ্ঠানের শেষাংশে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এমএএস