জনগণের কাছে প্রতি বছর সম্পদের হিসাব দেবেন জামায়াত নেতারা

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত সরকার গঠন করলে নির্বাচিত জনপ্রতিনিধিরা প্রতি বছর জনগণের কাছে তাদের সম্পদের আয়-ব্যয়ের হিসাব পেশ করবেন।
তিনি বলেন, শুধু নির্বাচিত জনপ্রতিনধিরা না, তাদের পরিবারের সব সদস্যদের আয়-ব্যয়ের হিসাবও দিতে হবে। শুল্কমুক্ত গাড়ি ও সরকারী প্লট বরাদ্দ নেবো না। টাকার কাছে বিক্রি হবে না। প্রচলিত বিচার ব্যবস্থার পরিবর্তন আনা হবে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে হবিগঞ্জে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হলে বাংলাদেশ বিজয়ী হবে। ‘না’ ভোট বিজয়ী হলে আবারও সন্ত্রাস-চাঁদাবাজ ও ফ্যাসিবাদ ফিরে আসবে। যে বাংলাদেশে চাঁদার জ্বালায় মানুষ অতিষ্ঠ, সেই বাংলাদেশ আর দেখতে চাই না।
হবিগঞ্জ জেলা জামায়াতে ইসলামির আমির মাওলানা মুখলিছুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী কাজী মহসিন আহমেদের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমির ও হবিগঞ্জ-২ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী আল্লামা আব্দুস বাছিত আজাদ, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুবু জুবায়ের, জাকসুর জিএস মাজহারুল ইসলাম, হবিগঞ্জ-১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী মুফতি সিরাজুল ইসলাম, হবিগঞ্জ-৪ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী আহমেদ আব্দুল কাদেরসহ অনেকেই।
এএমকে