উলিপুরে বিএনপি-ইসলামী আন্দোলনের শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

কুড়িগ্রামের উলিপুরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশসহ শতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার হাতিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজনে যোগদান অনুষ্ঠানের মাধ্যমে নবাগতদের ফুলের মালা পরিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয় জামায়াত প্রার্থী কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।
যোগদানকৃতরা হলেন— হাতিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শফিউর রহমান, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাকিম, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সুমন মিয়া, ৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নুরুল হোসেন সরকার, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাবেক ইউনিয়ন সভাপতি আলহাজ্ব নুর মোহাম্মদ আলী, ৬ নং ওয়ার্ড সভাপতি নুরুল হোসেন, সদস্য নবাব আলী, এরশাদুল হক সহ শতাধিক নেতাকর্মী।
জানা গেছে, দীর্ঘদিন ধরে বিএনপি ও ইসলামী আন্দোলনের রাজনীতির সঙ্গে যুক্ত থাকা এসব নেতা-কর্মী জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শের সঙ্গে একত্বতা প্রকাশ করে জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন তারা।
এ সময় হাতিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শফিউর রহমান, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাকিম, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সুমন মিয়াসহ অনেকেই বলেন, দীর্ঘ দিন চিন্তা-ভাবনার পর আমরা জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছি। আমরা মনে করি, এই দল ইসলামী আদর্শ ও নৈতিক রাজনীতির মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে কাজ করছে। সেই লক্ষ্যেই আমরা তাদের সঙ্গে যুক্ত হলাম।
কুড়িগ্রাম-৩ আসনের জামায়াতের প্রার্থী ব্যারিস্টার সালেহী জানান, বিভিন্ন রাজনৈতিক দল থেকে তরুণরাসহ বিভিন্ন বয়সি লোকজনের জামায়াতে ইসলামীতে যোগদানের প্রবণতা বাড়ছে। যা আমাদের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করবে। সবাইকে সঙ্গে নিয়ে আমি ইনসাফের উলিপুর গড়বো।
মমিনুল ইসলাম বাবু/এমএন