বিএনপিতে যোগ দিলেন এনসিপির পাঁচ নেতাকর্মী

জামায়াতের সঙ্গে জোট করায় বিএনপিতে যোগ দিয়েছেন ঝালকাঠির জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৫ নেতাকর্মী। রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঝালকাঠি-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর নির্বাচনী কার্যালয়ে এক সভায় তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।
তাদের নেতৃত্ব দেন আজাদ রহমান। তিনি সদর উপজেলা এনসিপির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বিএনপিতে যোগদানকারী অন্যরা হলেন- আব্বাস আলী খান, মোতালেব, নান্নু শিকদার ও অসীম পাল।
বিএনপিতে যোগদানকালে এনসিপির ওই নেতারা বলেন, ৫ আগস্টের পর তরুণ ছাত্রদের নেতৃত্বে গঠিত নতুন রাজনৈতিক দলে তারা পরিবর্তনের আশায় যুক্ত হয়েছিলেন। তবে পরবর্তীতে ওই দল স্বাধীনতাবিরোধী জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য করায় তারা হতাশ হন। এ কারণেই তারা এনসিপি ছাড়ার সিদ্ধান্ত নেন।
আজাদ রহমান জানান, তিনি দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ২০২১ সালে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন। তিনি বলেন, ৫ আগস্টের পরিবর্তনের পর এনসিপিকে একটি বিপ্লবী দল মনে করে সেখানে যোগ দিয়েছিলাম। কিন্তু জামায়াতের সঙ্গে জোট করায় এনসিপিতে থাকা সম্ভব হয়নি। তাই বিএনপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
ঝালকাঠি জেলা এনসিপির আহ্বায়ক মাইনুল ইসলাম মান্না বলেন, আজাদ রহমানকে গত বছরের ১৩ জুলাই এনসিপির সব কার্যক্রম থেকে সাময়িকভাবে স্থগিত করা হয়। তিনি দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় তার বিরুদ্ধে ব্যাপক সমালোচনা হয়। তবে এখন পর্যন্ত তিনি আনুষ্ঠানিকভাবে কোনো পদত্যাগপত্র আমাদের কাছে বা কেন্দ্রীয় কমিটিতে জমা দেননি।
তিনি আরও বলেন, বর্তমানে জেলা পর্যায়ে আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য ইউনিটের কমিটি গঠন করা হবে।
শাহীন আলম/এসএইচএ