ফুলের রাজ্য গদখালীর সব বিনোদন কেন্দ্র ৭ দিন বন্ধ

যশোরের গদখালীতে ফুলের রাজ্যে গড়ে ওঠা সব বিনোদনকেন্দ্র ৭ দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি (বিশ্ব ভালবাসা দিবস) পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।
রোববার (৮ ফেব্রুয়ারি) জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা এবং এর আগে ঝিকরগাছা উপজেলার বিশেষ আইনশৃঙ্খলা সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
পর্যটন মৌসুমে হঠাৎ এই নিষেধাজ্ঞায় পর্যটকরা যেমন হতাশ হয়েছেন, তেমনি স্থানীয় ব্যবসায়ীরা উদ্বেগ প্রকাশ করেছেন।
উপজেলা প্রশাসন সূত্র মতে, ৮ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত গদখালীর ফুলের রাজ্য ঘিরে গড়ে ওঠা সব বিনোদন কেন্দ্র ও পার্ক দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে।
ব্যবসায়ীরা বলছেন, ফেব্রুয়ারি মাস গদখালীর ফুলের ভরা মৌসুম। এ সময় গোলাপ, গাঁদা, জারবেরা ও রজনীগন্ধার চোখ ধাঁধানো রূপ দেখতে দেশ-বিদেশের হাজার হাজার পর্যটক এখানে ভিড় করেন। পর্যটকদের কেন্দ্র করে গড়ে ওঠা বাগানভিত্তিক পার্ক, হস্তশিল্পের দোকান ও অস্থায়ী খাদ্যপণ্যের দোকানগুলোতে এখন বেচাকেনা বন্ধ হওয়ার উপক্রম। এছাড়া এই নির্দেশ দেয়া সাতদিনের মধ্যে বসন্তবরণ ও বিশ্ব ভালোবাসা দিবস রয়েছে। স্থানীয় অনেক ক্ষুদ্র ব্যবসায়ী ও পরিবার এই সময়ের আয়ের ওপর নির্ভর করে সারা বছরের পরিকল্পনা সাজান। ফলে পার্ক বন্ধের সিদ্ধান্তে তারা হতাশ হয়ে পড়েছেন।
গদখালী ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতির সভাপতি আব্দুর রহিম বলেন, এ মৌসুমে ব্যাপক ফুল বিক্রি হয় এবং বিনোদনের জন্য মানুষ গদখালী ফুলের রাজ্যে ঘুরতে আসে। ভোটের জন্য এক সপ্তাহ বন্ধ থাকলে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হবে।
এ বিষয়ে ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রনী খাতুন জানান, নির্বাচন ও গণভোট উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই এই সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এটি একটি জরুরি ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথেই অর্থাৎ নির্ধারিত সময় শেষে পুনরায় পার্কগুলো দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে।
রেজওয়ান বাপ্পী/এসএইচএ