রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিলে জনস্রোত

রাজবাড়ী-১ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের আয়োজনে দাঁড়িপাল্লার পক্ষে নির্বাচনী সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে মাঠে নির্বাচনী সমবেশ করে তারা।
পরে রেলওয়ে মাঠ থেকে বিশাল এক গণমিছিল বের হয়। মিছিলটি রেলগেট হয়ে রাজবাড়ী বড় বাজার ঘুরে শ্রীপুর জুলাই স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। মিছিলে ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোট সমর্থকদের উপস্থিতিতে এক জনস্রোত তৈরি হয়।
রেলওয়ে মাঠে সমাবেশে পৌর জামায়াতে ইসলামীর আমির ডা. মো. হাফিজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-১ আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা আমির অ্যাড. মো. নূরুল ইসলাম।
সমাবেশে অন্যদের মধ্যে শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক জেলা আমির আক্তারুজ্জামান, রাজবাড়ী জেলা জামায়াতের নায়েবে আমির হাসমত আলী হাওলাদার, সেক্রেটারি মো. আলিমুজ্জামান, বায়তুল মাল সম্পাদক মো. ফেরদৌসুর রহমান, সদর উপজেলা ভারপ্রাপ্ত আমির হেলাল উদ্দিন, খেলাফত মজলিসের জেলা শাখার সভাপতি মোবারক হোসেন, এনসিপির যুগ্ম সমন্বয়কারী সাঈদুজ্জামান সাকিব প্রমুখ বক্তব্য রাখেন।
রাজবাড়ী-১ আসনের ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা আমির অ্যাড.মো. নূরুল ইসলাম বলেন, আমরা সকলেই জানি ১২ তারিখের নির্বাচনটা দেশ বাঁচানোর নির্বাচন। ১৮ কোটি মানুষের মুক্তির নির্বাচন, দেশ থেকে দুর্নীতি মুক্তির নির্বাচন। এই নির্বাচনটা হবে মানবিক রাষ্ট্র বিনির্মাণের নির্বাচন। এই নির্বাচনের মধ্যে দিয়ে একটি নিরাপদ বাংলাদেশ বিনির্মাণ হবে। এই নির্বাচনে আমাদের মানবিক রাষ্ট্র ও ন্যায় ইনসাফ মুক্ত রাষ্ট্র গঠনের জন্য সারা দেশব্যাপী আলোড়ন শুরু হয়েছে, জনসাধারণের মাঝে জাগরণ তৈরি হয়েছে।
তিনি বলেন, রাজবাড়ী-১ আসনের নারী-পুরুষ, শ্রমিক, কৃষক, ছাত্র সকল পেশার মানুষ জেগে উঠেছে ওই দুর্নীতিবাজদের, সন্ত্রাসবাজদের, টেন্ডারবাজদের, মাদকসেবীদের বিরুদ্ধে। আজকে যারা ওই দুর্নীতিগ্রস্ত নেতৃত্বকে পরিবর্তন করে একটি ন্যায় ইনসাফপূর্ণ, কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দেশব্যাপী বিশেষ করে রাজবাড়ী-১ আসনের জনসাধারণ সকলে ঐক্যবদ্ধ হয়েছে। আমরা আশাকরি ১২ তারিখের নির্বাচন পর্যন্ত সকলে মিলে আমাদের কাঙ্ক্ষিত নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য আমরা সর্বচ্চ ত্যাগ করে ওদের রক্তচক্ষুকে আমরা ভ্রুক্ষেপ না করে বিজয় ছিনিয়ে আনব ইনশাআল্লাহ।
অ্যাড.মো. নূরুল ইসলাম বলেন, আমাদের এই নির্বাচনে নতুন একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য এগিয়ে যাচ্ছে, স্বপ্ন দেখছে তখন আমাদের কিছু কিছু ভাইয়েরা আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছে। যারা নিজেরা ধর্ম পালন করে না, তারা নিজেরা ঘোষণা দিচ্ছে ধর্ম এবং রাষ্ট্র একটি ভিন্ন জিনিস। তারা নারীদেরকে ভুল বুঝাচ্ছে। আমরা বলতে চাই, এধরনের মিথ্যা কথা দিয়ে দেশবাসীকে আর বোকা বানানো যাবে না। আপনারা স্বপ্ন দেখছেন, আবার ক্ষমতায় এসে লুটপাট করবেন। এই স্বপ্ন রাজবাড়ী-১ আসনের ভাইয়েরা ধূলিসাৎ করে দিয়ে দাঁড়িপাল্লার পক্ষে বিজয় ছিনিয়ে আনবে ইনশাআল্লাহ।
এসময় ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের অন্যান্য নেতাসহ প্রায় ১০ হাজার মানুষ উপস্থিত ছিলেন।
মীর সামসুজ্জামান সৌরভ/এসএইচএ