বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর প্রস্তাবিত মেডিকেলের স্থাপনায় আগুন

বাগেরহাট-২ আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিমের প্রস্তাবিত মেডিকেল কলেজ হাসপাতালের স্থাপনায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের একটি ইউনিটের আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে। তবে আগুনে একটি স্পীড বোর্ড ও বিভিন্ন প্রজাতির গাছপালা পুড়ে গেছে।
রোববার (৮ ফেরুয়ারি) বিকেলে বাগেরহাট শহরের স্টেডিয়াম-সংলগ্ন এলাকার এই আগুন লাগার ঘটনা ঘটে।
এম এ এইচ সেলিমের বড় ছেলে মেহেদী হাসান পিন্স বলেন, বাগেরহাটবাসীর জন্য একটি মেডিকেল কলেজ হাসপাতাল করার স্বপ্ন ছিল। গত ফ্যাসিস্ট সরকারের আমলে হাসপাতাল করতে পারেননি। আমাদের জমিও নির্ধারণ করা ছিল। শহরের পৌরসভার স্টেডিয়াম-সংলগ্ন এলাকায় স্থানীয় পত্রিকা দৈনিক দক্ষিণ কন্ঠের অফিস ছিল। সেখানে দুটি সেমিপাকা ঘর রয়েছে। তার সামনে একটি স্পীড বোর্ড রাখা ছিল। আগুনে পুড়ে গেছে স্পীড বোর্ড ও বেশকিছু গাছপালা। অল্পের জন্য রক্ষা পেয়েছে বড় দুটি টিন সেড ঘর।

তিনি আরও বলেন, আমাদের স্বতন্ত্র প্রার্থীর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ২ ফেরুয়ারি থেকে বিভিন্ন স্থানে আমাদের প্রচারণায় বাধা, কর্মীদের হুমকি ধামকি, হামলা ও ভাংচুর অব্যাহত রয়েছে। আজকে (রোববার) আমার বাবার প্রস্তাবিত মেডিকেল কলেজ হাসপাতালের স্থাপনায় পরিকল্পিতভাবে আগুন দিয়েছে। কেন এই আমাদের ওপর হামলা, অন্য প্রার্থীদের ওপর কোনো ঘটনা ঘটছে না। বর্তমানে নির্বাচনী পরিবেশ ঘোলাটে করছে একটি পক্ষ। আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েও কোনো প্রতিকার পাইনি। তাদের নির্বাচনী আচারবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাই।
বাগেরহাট ফায়ার সার্ভিস ও ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ বলেন, এলাকাবাসীর খবরের ভিত্তিতে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুন লাগার কারণ সম্পর্কে কোনো তথ্য দিতে পারেনি।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান বলেন, আগুন লাগার খবর পেয়েছি, কীভাবে আগুন লেগেছে সে বিষয়ে আমরা ছায়া তদন্ত করে দেখছি।
এএমকে