ইসলামী আন্দোলন বিজয়ী হলে কাউকে পালাতে হবে না : চরমোনাই পীর

চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, নির্বাচনে বিএনপির সাথে জোটবদ্ধ যারা রয়েছে এবং জামায়াতের নেতৃত্বে যারা জোটবদ্ধ হয়েছে তারা কেউ ইসলাম অনুযায়ী দেশ চালাবে না। এটা পরিষ্কার ঘোষণা।
রোববার (৮ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে ভোলা শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ভোলা-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা ওবায়দুর রহমানের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেন, জামায়াত ইসলাম নাম দিয়ে তারা পরিষ্কার বলেছে ইসলামী শরিয়াহ অনুযায়ী দেশ চালাবে না, শরীয়াহ মানে ইসলাম। বাংলাদেশে ২৫৮ আসনে আমরা নির্বাচন করছি একা, আমরা ইসলামের বাক্সকে রক্ষা করার জন্যেই একা হয়েছি। আজকে বাংলাদেশের ভেতরে একটাই দল, ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের পক্ষে বাক্স দিয়েছে, প্রতীক হল হাতপাখা।
তিনি আরও বলেন, ৫৪ বছরে আমরা দেখেছি-যে নীতি আদর্শের মাধ্যমে দেশ চলেছিল, নতুনভাবে এসে এরা আমাদেরকে নতুন কোনো মধু দেওয়ার মতো এটা বিশ্বাস করারও বোকামি। এজন্য আমি সকলকে বলবো ইসলামের পক্ষে, হাতপাখা প্রতীকের পক্ষে যে বাক্স, সে বাক্সে আমরা যদি আমাদের সমর্থন স্বাক্ষী মতামত ও ভোট দিতে পারি, তাহলে ইসলামের সাথে থাকলে দুনিয়াতেও শান্তি আখিরাতেও মুক্তি।
মুফতি রেজাউল করিম বলেন,দেশের মুক্তির জন্য, মানবতার মুক্তির জন্য, আমাদের দেশের টাকা যেন বিদেশে পাচার না হয়। লক্ষ লক্ষ মানুষ বিএনপি আসলে আওয়ামী লীগ পালায়, আওয়ামী আসলে বিএনপি পালায়, আর ইসলামী আন্দোলন বিজয়ী হলে কাউকে পালাতে হবে না। বুক ফুলিয়ে থাকবেন, কেউ কিছু বলার সাহস থাকবে না ইনশাআল্লাহ।
জনসভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ভোলা-১ সদর আসনের প্রার্থী মাওলানা ওবায়দুর রহমান। এছাড়া জনসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।
খাইরুল ইসলাম/এসএইচএ