খাগড়াছড়ির ৩টি দুর্গম কেন্দ্রে হেলিকপ্টারে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম

জাতীয় সংসদের ২৯৮নং খাগড়াছড়ি সংসদীয় আসনের অতি দুর্গম তিনটি ভোটকেন্দ্রে হেলিকপ্টারের মাধ্যমে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। এসব কেন্দ্র হলো দীঘিনালা উপজেলার নাড়াইছড়ি এবং লক্ষ্মীছড়ি উপজেলার শুকনাছড়ি ও ফুত্যাছড়ি। আসনটির মধ্যে এসব কেন্দ্রকে সবচেয়ে দুর্গম হিসেবে বিবেচনা করা হয়।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোনের হেলিপ্যাড থেকে একটি হেলিকপ্টার প্রথমে লক্ষ্মীছড়ি উপজেলার দুর্গম শুকনাছড়ি ভোটকেন্দ্রে যায়। এরপর একই হেলিকপ্টারে পর্যায়ক্রমে ফুত্যাছড়ি ও দীঘিনালা উপজেলার নাড়াইছড়ি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়।
জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন জানান, হেলিকপ্টারের মাধ্যমে শুধু ব্যালট বাক্স ও অন্যান্য নির্বাচনী সরঞ্জামই নয়, সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও এসব দুর্গম ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে।
এদিকে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ইতোমধ্যে মাঠে নেমেছে সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী। বিশেষ করে সেনাবাহিনী, র্যাব ও বিজিবি জেলার বিভিন্ন এলাকায় টহল কার্যক্রম জোরদার করেছে।
খাগড়াছড়ি আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৪ হাজার ১১৪ জন। জেলায় মোট ২০৩টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১২১টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ এবং ৬৮টি কেন্দ্র অতিঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসনে বিএনপি, জামায়াতে ইসলামীসহ ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মোহাম্মদ শাহজাহান/আরকে