শেষ দিনের প্রচারণায় ঠাকুরগাঁওয়ে জামায়াতের গণমিছিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। প্রচারণার শেষ দিনে আয়োজিত এ গণমিছিলে হাজারো মানুষ অংশ নেয়। নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে শহরের বিভিন্ন সড়কে ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যায়।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ঠাকুরগাঁও পুরাতন বাসস্ট্যান্ড গোলচত্বর থেকে গণমিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আর্ট গ্যালারি মোড় ঘুরে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
গণমিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ঠাকুরগাঁও-১ আসনে ১১ দল সমর্থিত প্রার্থী দেলাওয়ার হোসেন। তিনি বলেন, আমি শাসক হতে চাই না, আপনাদের সেবক হতে চাই। চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত একটি সুন্দর ঠাকুরগাঁও গড়তে আসন্ন নির্বাচনে দাড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানাই।
এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ বেলাল উদ্দিন প্রধান, সহ-সেক্রেটারি কফিল উদ্দিনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।
রেদওয়ান মিলন/আরএআর