ঝালকাঠি-১ আসনে জামায়াতের নির্বাচনী অফিসে আগুন

ঝালকাঠি-১ আসনের রাজাপুরে জামায়াতে ইসলামীর একটি নির্বাচনী অফিস ও এক সমর্থকের গোডাউনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আমতলা বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাত ব্যক্তিরা রাতের কোনো এক সময় আমতলা বাজারে জামায়াতে ইসলামীর কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। এতে কার্যালয়ের ভেতরে থাকা আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। সকালে স্থানীয় বাসিন্দারা আগুনে পোড়া কার্যালয় দেখতে পেয়ে বিষয়টি দলীয় নেতাকর্মীদের জানান।
ঘটনার পর জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা প্রশাসনকে অবহিত করেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
এ বিষয়ে জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান বলেন, এ ধরনের ঘটনা নিন্দনীয়। সকালে খবর পাওয়ার পর আমরা সার্বিক খোঁজখবর নিয়েছি। আমাদের প্রার্থী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনার বিষয়ে আমরা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেব।
ঝালকাঠি–১ আসনের জামায়াত ও ১১ দলীয় জোট প্রার্থী ড. ফয়জুল হক বলেন, সাতুরিয়া ইউনিয়নের আমতলা বাজারে জামায়াতের অফিস ও একজন সমর্থকের গোডাউনে ভোর রাতে সন্ত্রাসীরা আগুন দিয়েছে। এর আগেও কর্মীর ওপর হামলা, রক্ত ঝরানো এবং বোনদের দাওয়াতি কাজে বাধা দিয়ে অপমান করা হয়েছে।
তিনি বলেন, ভোট জনগণের অধিকার, অফিস পুড়িয়ে জনগণের রায় পাল্টানো যাবে না। নির্বাচন পূর্বেই চিহ্নিত সব সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে হবে এবং ঝালকাঠি-১ আসনে জামায়াতে ইসলামীর বিজয় কেউ ঠেকাতে পারবে না।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে অগ্নিসংযোগের প্রকৃত কারণ ও দায়ীদের বিষয়ে বিস্তারিত জানা যাবে। এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
মো. শাহীন আলম/এএমকে