গাজীপুরের মহাসড়কে কমেছে যাত্রী ও যানবাহনের চাপ

নির্বাচনের ছুটিকে কেন্দ্র বাড়ির দিকে ছুটছে মানুষ। এতে দিনভর নজিরবিহীন যানজট শেষে গাজীপুরের দুই মহাসড়কে যানজট ভোগান্তি অনেকটাই কমেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল গড়াতেই অনেকটাই স্বস্তি ফিরেছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে।
এর আগে, আজ ভোর থেকে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ৫০ কিলোমিটার জুড়ে নজিরবিহীন যানজট সৃষ্টি হয়। এতে উত্তরাঅঞ্চলগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
এদিকে মহাসড়কে যাত্রীদের চাপ বাড়ায় ভাড়া নৈরাজ্য শুরু করে পরিবহন সংশ্লিষ্টরা। ৫০০ টাকার ভাড়া ১২০০ থেকে ১৫০০ দাবি করাকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে যাত্রীরা। এ ঘটনায় গাজীপুরের চন্দ্রা বাস টার্মিনাল এলাকায় বিকেলে অভিযান চালান আইনশৃঙ্খলা বাহিনী। এসময় যাত্রীদের সুনির্দিষ্ট অভিযোগে কয়েকটি বাসকে জরিমানা করে আইনশৃঙ্খলা বাহিনী।
জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গতকাল সোমবার বিকেল থেকে গাজীপুরের বিভিন্ন এলাকার চারশতাধিক শিল্প কারখানা ছুটি ঘোষণা করে মালিকপক্ষ। এর ফলে ওইদিন সন্ধ্যার পর থেকে ঘরমুখী মানুষের ঢল বাড়তে থাকে সড়কগুলোতে। দেশের উত্তরাঞ্চলের ২৬ জেলার প্রবেশপথ চন্দ্রা বাস টার্মিনাল এলাকায় যাত্রীদের উপচে পড়ে ভিড় সৃষ্টি হয়। রাতভর যানবাহনে অপেক্ষায় থাকা লোকজন বাস-ট্রাক, পিকআপসহ বিভিন্ন বাহনে করে গন্তব্যের উদ্দেশে যেতে দেখা গেছে।
চন্দ্রা বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা নাবিল পরিবহনের চালক মোসাদ্দি মিয়া ঢাকা পোস্টকে জানান, সকাল থেকে প্রচুর যানজট ছিল। কিন্তু বিকেল হতেই যানজট অনেকটাই কমেছে। রাতে আরও কমে যেতে পারে। অধিক ভাড়া আদায়ের ব্যাপারে তিনি বলেন, একদিনে সব মানুষ সড়কে নেমেছে। এতে পরিবহনের সংকট দেখা দিয়েছে। যার ফলে অনেক গাড়ির চালকরাই ভাড়া বেশি নিয়েছে।
চন্দ্রা টার্মিনাল এলাকায় আব্দুল জব্বার নামের এক কাউন্টার মালিক ঢাকা পোস্টকে জানান, যাত্রীদের চাপ বাড়ায় লোকাল পরিবহন মালিকরা ভাড়া বেশি নিচ্ছে। কিন্তু বড় বড় পরিবহনগুলোর এই সুযোগ নেই। বিকেল থেকে চাপ কমেছে এখন পরিবহনগুলো যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে আছে।
গাজীপুর রিজিয়নের নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাউগাতুল আলম ঢাকা পোস্টকে বলেন, বিকেল থেকে মহাসড়কে যানবাহনের চাপ কমেছে। বর্তমানে চন্দ্রা বাস টার্মিনাল এলাকায় যাত্রীদের কিছুটা চাপ থাকায় তিন থেকে চার কিলোমিটার হালকা যানজট রয়েছে। তবে আমাদের পুলিশ সদস্যদের তৎপরতা রয়েছে।
তিনি আরও বলেন, একদিনে সব শিল্প কারখানা ছুটি হওয়াতে এতো ভোগান্তি সৃষ্টি হয়েছে। এই সুযোগে যেসব পরিবহন মালিকরা ভাড়া বেশি আদায় করেছে, তাদের অনেকের জরিমানা করা হয়েছে।
আশিকুর রহমান/এসএইচএ