দাঁড়িপাল্লায় ভোট চাইতে গিয়ে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ

টাঙ্গাইলের ভূঞাপুরে ভোট চাইতে গিয়ে এক গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। গত সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে ভূঞাপুর উপজেলার মেঘার পটল গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওইদিন রাতে চারজনকে অভিযুক্ত করে ভুক্তভোগীর স্বামী ভূঞাপুর থানায় অভিযোগ করেন।
অভিযুক্তরা হলেন- একই এলাকার ইব্রাহীমের ছেলে শহিদুল (৩০), আনোয়ার হোসেনের ছেলে সোহেল (২৫), আলী আকবর মুন্সির ছেলে এনামুল (৩২) এবং আকবর ফকিরের ছেলে আল আমিন (৩০)।
অভিযোগ সূত্রে জানা যায়, গত সোমবার ভূঞাপুরের মেঘারপটল গ্রামের নাজমুলের বাড়িতে একই এলাকার শহিদুলসহ চারজন ভোট চাইতে যান। এ সময় বাড়িতে কেউ না থাকায় ওই গৃহবধূ তাদের চলে যেতে বলেন। একপর্যায়ে অভিযুক্তরা তাকে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিতে চাপ দেন। এ সময় গৃহবধূ ভোটার না এবং তার পরিবারের সবাই ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দেবেন জানালে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত চারজনের মধ্যে শহিদুল নামের একজন হঠাৎ ওই গৃহবধূকে জড়িয়ে ধরে স্পর্শকাতর স্থানে হাত দেন। অন্যরাও তাকে দলবদ্ধভাবে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন আসলে অভিযুক্তরা পালিয়ে যান। কাউকে এ বিষয়ে জানালে গৃহবধূকে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে ভূঞাপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এই এলাকায় জামায়াতে ইসলামীর অবস্থা ভালো, এজন্যই ফাঁসানোর চেষ্টা করা হয়েছে।
ভূঞাপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মেমরাজুল ইসলাম রুবেল বলেন, এ ঘটনার তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে আমরা আইনগত ব্যবস্থা নেব।
আরিফুল ইসলাম/আরএআর