অর্ধকোটি টাকাসহ আটকের ঘটনা ‘ষড়যন্ত্র’ দাবি জামায়াত প্রার্থীর

ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধানকে অর্ধকোটির বেশি টাকাসহ আটকের ঘটনাকে ‘দুরভিসন্ধিমূলক ও ষড়যন্ত্র’ বলে দাবি করেছেন ঠাকুরগাঁও-১ (সদর) আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোট মনোনীত জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন।
তিনি বলেন, ব্যক্তিগত ও ব্যবসায়িক প্রয়োজনে টাকা বহন করা কোনো অপরাধ নয়; বরং নির্বাচনের আগমুহূর্তে তাকে পরিকল্পিতভাবে হয়রানি করা হচ্ছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে দেলাওয়ার হোসেন জানান, বিষয়টি প্রথমে তারা সংবাদমাধ্যমের মাধ্যমে জানতে পারেন এবং পরে পারিবারিকভাবে খোঁজ নিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। তার দাবি, জেলা আমির ব্যক্তিগত কাজে ঢাকায় গিয়েছিলেন এবং ফেরার পথে সৈয়দপুর বিমানবন্দরে তাকে অযৌক্তিকভাবে আটক করা হয়।
তিনি বলেন, ‘একজন ব্যক্তি তার ব্যক্তিগত বা ব্যবসায়িক টাকা বিমানে আনবেন নাকি অন্য কোনো মাধ্যমে আনবেন, সেটি তার ব্যক্তিগত বিষয়।’ তিনি কোনো ধরনের টাকা বিতরণ করতে গিয়ে আটক হননি; বরং নিজের ব্যবসায়িক অর্থ নিয়ে ঢাকা থেকে ঠাকুরগাঁও ফিরছিলেন বলেও জানান তিনি।
দেলাওয়ার হোসেন আরও প্রশ্ন তুলে জানান, ঢাকা বিমানবন্দরের মতো কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে তিনি স্বাভাবিকভাবেই যাতায়াত করেছেন। সেখানে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনী টাকার উৎস ও বৈধতা যাচাই করার পরই তাকে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু পরে সৈয়দপুর বিমানবন্দরে এসে পুনরায় তাকে আটক করা হয়েছে; যা তাদের কাছে সন্দেহজনক মনে হয়েছে। এর পেছনে কোনো ‘দুরভিসন্ধি বা ষড়যন্ত্র’ রয়েছে বলে তিনি দাবি করেন।
নির্বাচনের ঠিক আগে বিপুল পরিমাণ টাকা বহনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, নির্বাচনের সময় ব্যাংকিং কার্যক্রমে সীমাবদ্ধতা থাকে এবং অনেক সময় জরুরি ব্যবসায়িক লেনদেন নগদ টাকায় সম্পন্ন করতে হয়।
অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান শিক্ষকতার পাশাপাশি একটি গার্মেন্টস ব্যবসার সঙ্গেও যুক্ত এবং পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার হওয়া অর্থ সম্পূর্ণ ব্যবসায়িক লেনদেনের টাকা।
রেদওয়ান মিলন/এসএইচএ