প্রার্থী হয়েও নিজেকে ভোট দিতে পারবেন না জিরুনা ত্রিপুরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিলেও নিজে ভোট দিতে পারবেন না খাগড়াছড়ি আসনের স্বতন্ত্র প্রার্থী জিরুনা ত্রিপুরা। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, তিনি খাগড়াছড়ি জেলার ভোটার নন। ফলে আইন অনুযায়ী এ আসনে ভোটাধিকার প্রয়োগের সুযোগ থাকছে না তার।
জুলাই আন্দোলন-পরবর্তী সময়ে জিরুনা ত্রিপুরাকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে দায়িত্ব পালনের একপর্যায়ে দুর্নীতির অভিযোগ ওঠায় তাকে ওই পদ থেকে বহিষ্কার করা হয়। এরপর থেকেই তিনি খাগড়াছড়িতে আলোচনায় আসেন।
পরবর্তীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন জিরুনা ত্রিপুরা।
নির্বাচনী বিধি অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থীকে সংশ্লিষ্ট আসনের মোট ভোটারের অন্তত ১ শতাংশের সমর্থনসূচক স্বাক্ষর জমা দিতে হয়। খাগড়াছড়ি আসনে সেই হিসাবে প্রায় সাড়ে ৫ হাজার ভোটারের নামের তালিকা প্রয়োজন ছিল। তবে প্রাথমিকভাবে তিনি প্রায় ৬ শতাধিক ভোটারের নামের তালিকা জমা দেন, যা নির্ধারিত সংখ্যার তুলনায় অনেক কম। এ কারণে যাচাই-বাছাইয়ে তার মনোনয়নপত্র বাতিল করা হয়।
পরে নির্বাচন কমিশনে আপিল করলে বিশেষ বিবেচনায় তার প্রার্থিতা বহাল রাখে কমিশন। ফলে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পেরেছেন।
জিরুনা ত্রিপুরা চট্টগ্রাম জেলার ভোটার বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা এসএম শাহাদাত হোসেন। তিনি ঢাকা পোস্টকে বলেন, নিজ নির্বাচনী এলাকায় ভোটার না হওয়ায় ভোটের দিন তিনি নিজের পক্ষে ভোট দিতে পারবেন না।
তবে এ বিষয়ে জিরুনা ত্রিপুরার কোনো মন্তব্য পাওয়া যায়নি।
মোহাম্মদ শাহজাহান/এসএইচএ