সিলেটে ৩৩ প্রার্থীর ভোটের লড়াই শুরু

সিলেট জেলার ৬টি সংসদীয় আসনে শুরু হয়েছে ভোটের লড়াই। বৃহস্পতিভার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ৬টি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। যা চলবে টানা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। বিরতিহীন ভাবে ৯ঘণ্টা ভোটাধিকার প্রয়োগ করবেন ভোটাররা।
সিলেটের ৬টি সংসদীয় আসনে এবার বিএনপি এবং জামায়াতে ইসলামীর জোটের পাশাপাশি অন্যান দল ও স্বতন্ত্র ৩৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ইতোমধ্যে প্রশাসন ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে জানানো হয়েছে।
নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, সিলেট জেলার মোট ভোটার ২৯ লাখ ১৬ হাজার ৫৭৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ লাখ ৯৮ হাজার ৯৫৩ এবং নারী ভোটার ১৪ লাখ ১৭ হাজার ৬১০ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার ১৬ জন।
আসন ভিত্তিক সিলেট-১ আসনে মোট ভোটার ৬ লাখ ৮০ হাজার ৯৪৩ জন, সিলেট-২ আসনে মোট ভোটার ৩ লাখ ৬৮ হাজার ৯০০ জন, সিলেট-৩ আসনে মোট ভোটার ৪ লাখ ১৫ হাজার ৯৬৬ জন, সিলেট-৪ আসনে মোট ভোটার ৫ লাখ ১২ হাজার ৯৩৩, সিলেট-৫ আসনে মোট ভোটার ৪ লাখ ২৮ হাজার ৭৪৬ জন এবং সিলেট-৬ আসনে মোট ভোটার ৫ লাখ ৯ হাজার ৯১ জন।
সিলেটের ৬টি আসনে ৩৩জন প্রার্থী হলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) খন্দকার আবদুল মুক্তাদির, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাওলানা হাবিবুর রহমান, ইসলামী আন্দোলনের মাহমুদুল হাসান, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রণবজ্যোতি পাল, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) সঞ্জয় কান্ত দাস, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মোহাম্মদ আনোয়ার হোসেন, গণঅধিকার পরিষদের আকমল হোসেন এবং ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. শামীম মিয়া।
সিলেট-২ আসনের বিএনপির তাহসিনা রুশদীর লুনা, খেলাফত মজলিসের মুহাম্মদ মুনতাসির আলী, জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আমীর উদ্দিন এবং গণফোরামের মো.মুজিবুল হক।
সিলেট-৩ আসনে বিএনপির মোহাম্মদ আবদুল মালিক, জাতীয় পার্টির মো. আতিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের মুছলেহ উদ্দিন রাজু, ইসলামী আন্দোলন বাংলাদেশের রেদওয়ানুল হক চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী মঈনুল বাকর এবং ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী।
সিলেট-৪ আসনে বিএনপির আরিফুল হক চৌধুরী, জামায়াতের জয়নাল আবেদীন, জাতীয় পার্টির মোহাম্মদ মুজিবুর রহমান ডালিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা সাঈদ আহমদ এবং গণঅধিকার পরিষদের জহিরুল ইসলাম।
সিলেট-৫ আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মাওলানা উবায়দুল্লাহ ফারুক, খেলাফত মজলিসের মুফতি মোহাম্মদ আবুল হাসান, স্বতন্ত্র (বিএনপির বিদ্রোহী) মামুনুর রশিদ এবং বাংলাদেশ মুসলিম লীগের মো.বিলাল উদ্দিন।
সিলেট-৬ আসনে বিএনপির এমরান আহমদ চৌধুরী, জামায়াতের মো.সেলিম উদ্দিন, জাতীয় পার্টির মো.আবদুন নূর, গণঅধিকার পরিষদের জাহিদুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী হাফিজ মাওলানা ফখরুল ইসলাম।
এদিকে, বৃহস্পতিবার বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখা যায় নারী ভোটারের উপস্থিতি বেশি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি আরও বাড়বে বলে জানান সংশ্লিষ্টরা।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সিলেট-১ ও সিলেট -৩ আসনে মেট্রোপলিটন পুলিশের আওতায় মোট ২৯৪টি ভোট কেন্দ্র রয়েছে। অধিক গুরুত্বপূর্ণ ৯৫, গুরুত্বপূর্ণ ১৩৪ ও সাধারণ ৬৫টি কেন্দ্র রয়েছে। আর জেলার ১৩টি উপজেলায় ৭২২টি ভোট কেন্দ্রের মধ্যে ৬১৯টি সাধারণ হলেও ১০৩টিকে গুরুত্বপূর্ণ ধরা হয়েছে।ভোটকেন্দ্রগুলোতে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েন থাকবে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
মাসুদ আহমদ রনি/আরকে