‘১৭ বছর পর ভোট দিয়ে ঈদ ঈদ লাগছে’

‘১৭ বছর পর ভোট দিয়েছি। লম্বা সময় পর নতুন বাংলাদেশে ভোট দিয়ে ঈদ ঈদ লাগছে।’ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার পর এভাবেই নিজের অনুভূতি ব্যক্ত করেছেন ঢাকা-৬ আসনের ভোটার অ্যাডভোকেট মাসুমা আক্তার।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় টিকাটুলির কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিজেকে প্রথম ভোটার দাবি করে তিনি এই অভিব্যক্তি প্রকাশ করেন। মাসুমা আক্তার বলেন, ‘(নির্বাচন) আমাদের ত্যাগের বহিঃপ্রকাশ, এটাই চেয়েছি। এই কেন্দ্রের প্রথম ভোটার হিসেবে অনেক ভালো লাগছে।’
নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ হওয়ার আগপর্যন্ত এমন উৎসবমুখর পরিবেশ থাকবে বলে প্রত্যাশা এই আইনজীবীর, ‘ভোট গ্রহণ ভালোভাবে শুরু হয়েছে। আশা করি শেষ পর্যন্ত এমন থাকবে। গণভোটে হ্যাঁ এবং পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি। তার কাছে প্রত্যাশা থাকবে যেন সুন্দর একটা সমাজ গড়েন।’
প্রসঙ্গত, জাতীয় সংসদীয় আসন ঢাকা-৬ দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ এবং ৪৬ ওয়ার্ড নিয়ে গঠিত। এই আসনটিতে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯২ হাজার ২৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৫১৯ জন। নারী ভোটার ১লাখ ৩৯ হাজার ৭৬১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এই আসনটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতীক ধানের শীষ নিয়ে লড়ছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। জামায়াতে ইসলামী জোট মনোনীত দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে লড়ছেন মো. আব্দুল মান্নান।
এ ছাড়াও এই আসটিতে সংসদ প্রার্থী হিসেবে লাঙ্গল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টির আমির উদ্দিন আহমেদ (ডালু), মাছ প্রতীক নিয়ে গণফ্রন্টের আহম্মেদ আলী শেখ, বাংলাদেশ মুসলিম লীগের মো. আকতার হোসেন, বাংলাদেশ কংগ্রেসের মো. ইউনুস আলী আকন্দ, গণঅধিকার পরিষদ-জিওপির মো. ফখরুল ইসলাম।
এনআর/এএইচএস