ঝিনাইদহে প্রিসাইডিং অফিসারকে অপসারণ

ঝিনাইদহ-৪ আসনের (কালীগঞ্জ ও সদরের আংশিক) সলিমুন্নেছা বালিকা বিদ্যালয় কেন্দ্রে এজেন্টের ২৩টি স্বাক্ষরিত রেজাল্ট শিট জব্দের ঘটনায় ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার জেসমিন আরাকে অপসারণ করা হয়েছে। নতুন প্রিসাইডিং অফিসার হিসেবে কালীগঞ্জ শহীদ নুর আলী কলেজের জ্যেষ্ঠ প্রভাষক শামসুজ্জামান খানকে নিয়োগ করা হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে রিটার্নিং অফিসার ও ঝিনাইদহ জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ এ তথ্য জানান। তিনি বলেন, সুষ্ঠ ও অবাধ নির্বাচনের স্বার্থে এমন দায়িত্বহীন কর্মকাণ্ড কোনো ক্রমেই মানা হবে না।
বুধবার রাত ৮টার দিকে কালীগঞ্জ পৌরসভার ৫নং কেন্দ্র সলিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ২৩টি রেজাল্ট শিট উদ্ধারের ঘটনা ঘটে। এ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জেসমিন আরা। ঘটনার পর কেন্দ্র পরিদর্শন করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ঝিনাইদহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা ও সহকারী রিটার্নিং অফিসার কালীগঞ্জের ইউএনও রিজওয়ানা নাহিদ।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম রেজা জানান, খবর পেয়ে কেন্দ্রে এসে ২৩টি স্বাক্ষরিত রেজাল্ট শিট জব্দ করা হয়েছে। সেগুলো ছিড়ে ফেলা হয়েছে। এই রেজাল্ট শিট নির্বাচনে কোন প্রভাব ফেলবে না বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, নতুন রেজাল্ট শিট তৈরি করার জন্য বলা হয়েছে এবং প্রিসাইডিং অফিসার পরিবর্তন করে নতুন কাউকে দায়িত্ব দেওয়া হবে বলেও তিনি গণমাধ্যমকর্মীদের জানান।
সহকারী রিটার্নিং অফিসার কালীগঞ্জের ইউএনও রিজওয়ানা নাহিদ জানান, তিনি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন। পরিদর্শনের সময় মানুষের জটলা দেখে জানতে পারেন স্বাক্ষরকৃত রেজাল্ট শিট উদ্ধার হয়েছে। তবে তিনি দেখেননি কোন প্রার্থীর রেজাল্ট শিট ছিল। জব্দকৃত রেজাল্ট শিট বাতিল করে নতুন রেজাল্ট শিট তৈরি করতে ও দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসারকে অপসারণ করা হয়েছে।
সলিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্বে থাকা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জেসমিন আরা জানান, তিনি বুঝতে না পেরে রেজাল্ট শিটে স্বাক্ষর নিয়েছেন। ভুল বুঝতে পেরে তা ছিড়ে ফেলা হয়।
আব্দুল্লাহ আল মামুন/আরকে