ভোট দিয়ে খুশি ১০৫ বছর বয়সী সুখ রঞ্জন

ঠিকভাবে হাঁটতে না পারলেও লাঠিতে ভর দিয়ে ভোট দিতে এসেছেন ১০৫ বছর বয়সী বরগুনার পাথরঘাটা উপজেলার পশ্চিম রুপধন নামক এলাকার বাসিন্দা সুখরঞ্জন। ভোট কেন্দ্রে এসে কোনো ভোগান্তি ছাড়াই পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১ টার দিকে বরগুনা-২ আসনের পাথরঘাটা উপজেলার রুপধন বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দেন তিনি।
ভোট প্রদান শেষে সুখরঞ্জন ঢাকা পোস্টকে বলেন, আমার জীবনে আমি অনেকবার ভোট দিয়েছি। এখন আর হাঁটতে পারিনা, তারপরও নাতিকে সঙ্গে নিয়ে ভোট দিতে এসেছি। ভোট কেন্দ্রে এসে ভোট দিতে পেরে আমি আনন্দিত।
সুখরঞ্জনের সঙ্গে থাকা তার নাতি সাগর ঢাকা পোস্টকে বলেন, আমার ভোট দেওয়ার বয়স হয়নি। আমি নানাকে নিয়ে এসেছি। সে হাঁটতে পারেনা, কিন্তু ভোট দিতে আসার কথা বলায় আমি তাকে নিয়ে কেন্দ্রে এসেছি।
ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা মোঃ রনি নামের এক আনসার সদস্য ঢাকা পোস্টকে বলেন, এই কেন্দ্রে এখন পর্যন্ত ভোট দিতে আসা ভোটারদের মধ্যে তিনি সবথেকে বেশি বয়সী ভোটার। তিনি তার নাতির সঙ্গে লাঠি ভর দিয়ে আসলেও আমরা তাকে ভোট দিতে সহযোগিতা করেছি।
মোঃ আব্দুল আলীম/এমআইকে