রাজবাড়ীতে ভোট পড়েছে ৬৩ শতাংশ

রাজবাড়ীতে শান্তিপূর্ণ ভাবে শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। কোথাও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয় ভোটগ্রহণ; জেলার দুটি আসনে মোট ভোট পড়েছে ৬৩ শতাংশ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটা থেকে রাজবাড়ীর দুটি সংসদীয় আসনে ভোটগ্রহণ শুরু হয়; চলে বিকাল সাড়ে চারটা পর্যন্ত।
এদিন সকাল থেকে রাজবাড়ীর ৩৫৪ টি ভোটকেন্দ্রে আসতে শুরু করেন ভোটাররা। পছন্দের প্রার্থীর পাশাপাশি সংবিধানের বেশ কিছু মৌলিক পরিবর্তন আনার প্রস্তাবের পক্ষে-বিপক্ষে ‘হ্যাঁ-না’ ভোট দিয়ে মতও জানিয়েছেন ভোটাররা। শান্তিপূর্ণ এই ভোটের পরিবেশে প্রত্যেকটি কেন্দ্রেই পুরুষদের পাশাপাশি নারী ভোটারদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, রাজবাড়ী-১ আসনে (রাজবাড়ী সদর- গোয়ালন্দ) মোট ভোট কাস্ট হয়েছে ৬১ দশমিক ৪৫ শতাংশ এবং রাজবাড়ী-২ আসনে মোট ভোট কাস্ট হয়েছে ৬৪ দশমিক ৬৭ শতাংশ। গড়ে দুই আসনে ভোট কাস্ট হয়েছে ৬৩.০৬ শতাংশ।
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার সুলতানা আক্তার বলেন, আমরা ভোট গ্রহণের শুরু থেকে শেষ পর্যন্ত ভোট কেন্দ্র পরিদর্শন করেছি এবং মনিটরিং করেছি। সহকারী রিটার্নিং অফিসারদের সাথে আমরা সারাক্ষণ সংযোগে ছিলাম। আলহামদুলিল্লাহ রাজবাড়ী জেলার ৩৫৪ টি ভোট কেন্দ্রে অত্যন্ত সুষ্ঠু, সুন্দর অংশগ্রহণ মূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন হয়েছে।
সুলতানা আক্তার আরও বলেন, স্তরে স্তরে আমাদের নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থা কাজ করেছে। সারা শহরের আমাদের আইনশৃঙ্খলা বাহিনী ও নিরাপত্তা বাহিনীরা মুভমেন্ট ছিলো। প্রতিটি উপজেলায় আমরা খোঁজ খবর রাখছি; কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই আমাদের ভোটগ্রহণ শেষ হয়েছে।
এদিকে জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জেলার দুটি আসনের মোট ৩৫৪ টি ভোট কেন্দ্র। দুই আসনে মোট ভোটার ৯ লাখ ৮৯ হাজার ৯০৮। এর মধ্যে রাজবাড়ী-১ আসনের ভোটার ৪ লাখ ৩০ হাজার ২১৫ জন এবং রাজবাড়ী-২ আসনের ভোটার ৫ লাখ ৫৯ হাজার ৬৯৩ জন।
মীর সামসুজ্জামান সৌরভ/ডিএ