দুই এমপিকে ধরাশায়ী করে বড় ব্যবধানে বিজয়ী বিএনপির মাজেদ

এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সাবেক দুই সংসদ সদস্য (এমপি) কে ভোট যুদ্ধে ধরাশায়ী করে বড় ব্যবধানে বিজয় হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু। এনিয়ে স্থানীয় ভোটারদের আলোচনা ও সমালোচনায় তোলপাড় সৃষ্টি হয়েছে উপজেলাজুড়ে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রির্টানিং কর্মকর্তা ও ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) মো. সাইফুর রহমান স্বাক্ষরিত বেসরকারি ফলাফলে জানা গেছে এসব তথ্য।
প্রার্থীদের ফলাফলে দেখা যায়, বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু ভোট পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৬৮৫ ভোট। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বী প্রার্থিতায় ভোট যুদ্ধে দ্বিতীয় স্থানে রয়েছেন ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোট সমর্থিত এলডিপির প্রার্থী অ্যাড. আওরঙ্গজেব বেলাল। তিনি ছাতা প্রতীকে পেয়েছেন ৪৬ হাজার ৫১৫ ভোট।
এছাড়াও বিএনপি দলীয় সাবেক এমপি শাহ নূরুল কবীর শাহীন ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী হয়ে ভোট পেয়েছেন ৩২ হাজার ৭৩৪ ভোট এবং জাতীয় পার্টির প্রার্থী ও তিনবারের সাবেক এমপি ফখরুল ইমাম মাত্র ১ হাজার ৭১৯ ভোট পেয়ে হারিয়েছেন জামানত। এতে বিজয়ী প্রার্থীর সঙ্গে নিকটতম প্রার্থীর ভোটের ব্যবধান ৬১ হাজার ৭৮৬ ভোট।
অপর একটি সমীকরণে দেখা যায়, পরাজিত ৩ প্রার্থী সর্বমোট ভোট পেয়েছেন ৮০ হাজার ২৪৪ ভোট। এ হিসাবে জয়ী প্রার্থীর সঙ্গে ৩ প্রার্থীর মোট ভোটের ব্যবধান ২৭ হাজার ৩৩৩ ভোট।
তবে, ভোটের এ পরিসংখ্যান নিয়ে স্থানীয় ভোটার বা কর্মী সমর্থকদের মধ্যে আলোচনা-সমালোচনা থাকলেও ভোট বা জয়-পরাজয়ের সমীকরণ কষতে চান না ময়মনসিংহ-৮ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু।
তিনি বলেন, নির্বাচনে জয়-পরাজয় থাকবেই। জনগণ আমার প্রতি বিশ্বাস রেখেছে, এটিই আমার বড় পাওয়া। শপথ গ্রহণের পর আমি এলাকার উন্নয়নে সর্বপ্রথম স্বাস্থ্য ও শিক্ষাখাতে কাজ করতে চাই। জেন-জি’র জন্য আমি কিছু করতে চাই। যেহেতু আমি নিজেই একজন টেকনিক্যাল মানুষ, তাই ডাটা অ্যানুটেশন ও লেভেলিং আমি কাজকর্মকে উপজেলাজুড়ে ছড়িয়ে দিতে চাই। এতে কমপক্ষে ৫ হাজার তরুণকে আয়ের পথ দেখানো যাবে। এজন্য ইতোমধ্যেই আমি চাইনিজ ও ইউরোপীয় গোষ্ঠির সাথে আলোচনা করেছি। আশা করি, এলক্ষ্যে সফল হবো, ইনশাল্লাহ।
আমান উল্লাহ আকন্দ/এসএইচএ