কুড়িগ্রাম-২ আসনে পুনরায় ভোট গণনার দাবি বিএনপির

কুড়িগ্রাম-২ আসনের ফলাফল স্থগিত করে পুনরায় ভোট গণনার দাবি জানিয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব ও ধানের শীষের প্রার্থী সোহেল হোসাইন কায়কোবাদ।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে কুড়িগ্রাম পৌর শহরের নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে তিনি এ দাবি জানান। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, পাবলিক প্রসিকিউটর বজলুল রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে সোহেল হোসাইন কায়কোবাদ বলেন, বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-২ (কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ী) আসনের ভোটাররা উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। কিন্তু প্রশাসনের সহযোগিতায় জনগণের রায়ের প্রতিফলন হয়নি। ভোটের ফলাফলে কারচুপি হয়েছে। অনেক কেন্দ্রে পোলিং এজেন্টেকে আটকে রাখা হয়, ফলাফলে পোলিং এজেন্টের স্বাক্ষর নেই। কয়েকটি কেন্দ্রে ধানের শীষ যে পরিমাণে ভোট পেয়েছিল সেই ফলাফল না দেওয়ায় জনগণের সন্দেহ হলে তা আটকে দেয়। কিন্তু প্রশাসন ভয়ভীতি প্রদর্শন করে ব্যালট বাক্স নিয়ে আসে। ব্যালট পেপারের সংখ্যা কমিয়ে দেওয়া এবং কেন্দ্রে ঘোষিত ফলাফলের সাথে ইউএনও অফিসের ফলাফলে অমিল, অনেক কেন্দ্রে নষ্ট ভোট না থাকাসহ নানা অভিযোগ করেন তিনি।
এসব অভিযোগের তথ্য-প্রমাণসহ ফলাফল স্থগিত চেয়ে পুনরায় ভোট গণনার দাবিতে জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানান সোহেল হোসাইন কায়কোবাদ। তিনি দাবি করেন- তার আসনের প্রতিটি কেন্দ্রের ফলাফল পুনরায় গণনা করা হলে মানুষ ধানের শীষে যে ভোট দিয়েছে তার প্রকৃত সত্যটি বেরিয়ে আসবে।
মমিনুল ইসলাম বাবু/আরএআর