পথচারীকে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা, বিক্ষুব্ধ জনতার বাস ভাঙচুর

নীলফামারীতে বেপরোয়া গতিতে একটি বাস কয়েকজন পথচারী ও যানবাহনকে ধাক্কা দিয়ে পালানোর সময়ে বাসটি আটক করে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে জেলার জলঢাকা উপজেলার বাজারে বাসটিকে ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মা রাজিয়া নামে একটি বাস চালক দ্রুত গতিতে চালিয়ে ডিমলা উপজেলার চাপানি এলাকায় এক মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দেয়। সেখান থেকে পালিয়ে যাওয়ার সময় জলঢাকা সড়কে আরও একটি অটোরিকশাকে ধাক্কা দিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন। এ সময়ে বেপরোয়া গতি ও দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা জলঢাকা বাজারে বাসটিকে আটক করে। সেখানে বিক্ষুব্ধ জনতা বাসটিতে ভাঙচুর চালায়। খবর পেয়ে জলঢাকা থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জলঢাকা থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বলেন, বাসটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। তবে হতাহতের তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।
শাহজাহান ইসলাম লেলিন/এএমকে