শেরপুরে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ৫ জনের কারাদণ্ড

শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে পাঁচজনের প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার তাওয়াকুঁচাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী ভৌমিক।
দণ্ডপ্রাপ্তরা হলেন- ঝিনাইগাতী উপজেলার কাংশা গ্রামের আবুল কাশেমের ছেলে সাইফুল ইসলাম (৩৫), জমশেদ আলী শেখের ছেলে আব্দুল মমিন (৩৪) , গুতু শেখের ছেলে মোনা সরকার (২৯), শ্রীবরদী উপজেলার বালিঝুড়ী এলাকার জাফর আলীর ছেলে হানিফ উদ্দিন (৪৫) ও খাড়ামোড়া এলাকার হাজ্বি কলিম উদ্দিনের ছেলে কোমর আলী (৫০)।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, শেরপুর জেলার ঝিনাইগাতী, শ্রীবরদী ও নালিতাবাড়ী উপজেলায় বালু মহাল ইজারা বন্ধ রেখেছে প্রশাসন। তবুও একটি চক্র চোরাইভাবে বালু উত্তোলন ও পরিবহন করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতীর উপজেলার তাওয়াকুঁচাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী ভৌমিক। এ সময় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ এর ১৫(১) ধারা মোতাবেক অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ৫ জনের প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এ বিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমীন জানান, অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ কার্যক্রম রোধে উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে।
নাইমুর রহমান তালুকদার/আরএআর