পিরোজপুরে উপজেলা বিএনপির আহ্বায়কসহ ২ জনকে কুপিয়ে জখম

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় গভীর রাতে একদল দুর্বৃত্তের হামলায় পিরোজপুর সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মহিউদ্দিন মল্লিক নাসির ও তার ভাতিজা রিয়াজ উদ্দিন মল্লিক নিপু গুরুতর আহত হয়েছেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পাড়েরহাট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহত মহিউদ্দিন মল্লিক নাসির সদর উপজেলার সংকরপাশা গ্রামের মোদাহার মল্লিকের ছেলে। তার সঙ্গে থাকা রিয়াজ উদ্দিন মল্লিক নিপু একই গ্রামের শাহজাহান মল্লিকের ছেলে। ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ইন্দুরকানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১১টার দিকে কয়েকটি মোটরসাইকেলে একদল দুর্বৃত্ত এসে ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে দুজনের শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রাজিব পাইক জানান, আহত দুজনের শরীরে গভীর ক্ষত রয়েছে। তাই প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এই হামলাকে নির্বাচনী সহিংসতা বলে দাবি করেছেন পিরোজপুর জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান শেখ রুবেল। তিনি বলেন, হত্যার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে।
ইন্দুরকানী থানার ওসি মো. শামীম হোসেন বলেন, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের খুলনায় পাঠানো হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত শেষে বিস্তারিত জানানো সম্ভব হবে।
শাফিউল মিল্লাত/বিআরইউ