প্রতিমন্ত্রী হলেন টাঙ্গাইলের সুলতান সালাউদ্দিন টুকু

বিএনপি সরকারের মন্ত্রী পরিষদে স্থান পেয়েছেন টাঙ্গাইল-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে মন্ত্রিপরিষদ থেকে তাকে টেলিফোনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। আজ বিকেল ৪টা ২৮ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সঞ্চালনায় এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী হিসেবে ২৩ জনের সঙ্গে তিনিও শপথ গ্রহণ করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসন থেকে বিপুল ভোটে জয়ী হন সুলতান সালাউদ্দিন টুকু। নির্বাচনে ধানের শীষ প্রতীকে তিনি পান ১ লাখ ৩১ হাজার ২৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আহসান হাবিব মাসুদ পান ৮০ হাজার ২৮৩ ভোট।
সুলতান সালাউদ্দিন টুকু এবারই প্রথম জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। ছাত্রদল ও যুবদলের সভাপতি হিসেবে দীর্ঘদিন নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
আরিফুল ইসলাম/আরকে