তারেক রহমানের মন্ত্রিসভায় সুপ্রিম কোর্টের ৫ আইনজীবী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকে ২৮ জন আইনজীবী প্রতিদ্বন্দ্বিতা করে ২৪ জন বিজয়ী হয়েছেন। আর নির্বাচিত ২৪ আইনজীবীর মধ্যে মন্ত্রিসভায় স্থান পেয়েছেন ৭ জন। এর মধ্যে চারজন পূর্ণ মন্ত্রী এবং তিনজন প্রতিমন্ত্রী।
এই ৭ মন্ত্রী-প্রতিমন্ত্রীর মধ্যে পাঁচজনই সুপ্রিম কোর্টের নিয়মিত আইনজীবী। মন্ত্রী সভায় স্থান পাওয়া সুপ্রিম কোর্টের ৫ আইনজীবী হলেন— অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল ও ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন।
আজ (মঙ্গলবার) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় উন্মুক্ত আকাশের নিচে তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
মাগুরা-২ আসনের সংসদ সদস্য নিতাই রায় চৌধুরী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির এই ভাইস চেয়ারম্যান ধানের শীষ প্রতীকে ১ লাখ ৪৬ হাজার ৬৯৬ ভোট পেয়ে বিজয়ী হন। তিনি সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী।
ঝিনাইদহ-১ আসনে সংসদ সদস্য মো. আসাদুজ্জামান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। সাবেক এই অ্যাটর্নি জেনারেল মো. ১ লাখ ৭১ হাজার ৫৯৮ ভোট পেয়ে বিজয়ী হন। তিনিও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী।
নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ধানের শীষ প্রতীকে ১ লাখ ৫৯ হাজার ৭০১ ভোট পেয়ে বিজয়ী হন। তিনি সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইজীবী।
চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন পেতে পারেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব। বিএনপির এই সহ-সাংগঠনিক সম্পাদক ধানের শীষ প্রতীকে ১ লাখ ৪৩ হাজার ৯৬৫ ভোট পেয়ে বিজয়ী হন। তিনি সুপ্রিম কোর্টের একজন নিয়মিত আইনজীবী।
নাটোর-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল মহিলা শিশু ও সমাাজকল্যাণ বিষয়ক মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পেতে পারেন। তিনি ধানের শীষ প্রতীকে ১ লাখ ২ হাজার ৪১৯ ভোট পেয়ে বিজয়ী হন। তিনিও সুপ্রিম কোর্টের একজন নিয়মিত আইনজীবী।
এমএইচডি/এনএফ