‘আমি নিজেও একজন কৃষক, মন্ত্রণালয়কে ঢেলে সাজাব’

খাদ্য, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদসহ তিনটি মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন। কুমিল্লা-৬ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি। মনোনয়ন বঞ্চিত হয়ে দলের মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীর জন্য কাজ করেছেন ইয়াছিন। দীর্ঘদিন দলের দুঃসময়ে বিএনপিকে আগলে রাখার পর এমপি না হয়েও টেকনোক্র্যাট মন্ত্রী হয়েছেন তিনি।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রী হিসেবে শপথ নেন সাবেক এই সংসদ সদস্য।
এরপর রাতে ঢাকা পোস্টের সঙ্গে কথা হয় নতুন মন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিনের। মন্ত্রী হওয়ার অনুভূতির পাশাপাশি তিন তিনটি মন্ত্রণালয়কে নিয়ে তার স্বপ্নের কথা জানিয়েছেন।
হাজী ইয়াছিন বলেন, “আমি নিজেও একজন কৃষক, আধুনিক কৃষক। বাংলাদেশ কৃষিনির্ভর দেশ। দেশের ৭০ শতাংশ মানুষ কৃষির সঙ্গে জড়িত। কৃষি ভালো হলেই এদেশের অর্থনীতি ভালো হবে। মানুষের জীবনযাত্রার উন্নতি হবে। আমাকে যে তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে এগুলো একটির সঙ্গে আরেকটি যুক্ত। কৃষি, মাছ, প্রাণী এবং খাদ্য সবগুলোই উৎপাদনমুখী। ইনশাআল্লাহ মন্ত্রণালয়গুলোকে ঢেলে সাজাব।”
তিনি আরও বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে অনেক বড় একটি দায়িত্ব দিয়েছেন। আমি সাধ্য অনুযায়ী চেষ্টা করব, তিনি যে আশা করে দায়িত্ব দিয়েছেন সেটা যেন পূরণ করতে পারি।”
মন্ত্রী হওয়ার অনুভূতির কথা বলতে গিয়ে হাজী ইয়াছিন বলেন, “আমি তো সারাজীবন রাজনীতি করে এসেছি মানুষের জন্য, দেশের কল্যাণে কাজ করার জন্য। আমাকে এমন খাতের দায়িত্ব দেওয়া হয়েছে যে খাতকে আমি মনেপ্রাণে ধারণ করি, লালন করি। আমার ভালো লাগছে আমি সারাজীবন যে খাতকে নিয়ে চিন্তা করছি।”
“ছোটবেলা থেকেই একটা চিন্তা করছি পৃথিবীর যেসব দেশগুলোতে বছরের ৬ মাস বরফ ঢাকা থাকে, কিন্তু তারা হয় ধনী। আমার দেশে ১২ মাস ফসল উৎপাদন হয় তবুও আমরা হই গরীব। সবসময়ই আমার মনে একটা প্রশ্ন জাগত কোথাও কি আমরা নীতি ভুল করছি? আমরা গরীব কেন? আল্লাহর কাছে শুকরিয়া আল্লাহ আমাকে এই খাতে কাজ করার সুযোগ করে দিয়েছেন।”
“মাননীয় প্রধানমন্ত্রীকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। সারাজীবন যেটাকে ধারণ করছি সেটাকে নিয়ে কিছু একটা করার সুযোগ হয়েছে এটাই আমার জীবনের সবচাইতে বড় আনন্দ। আমি সর্বোচ্চ চেষ্টা করে যাব এই খাতকে উন্নত করার জন্য।”
তিনটি মন্ত্রণালয়ে কতটুকু সফল হতে পারবেন এমন প্রশ্নের জবাবে নতুন এ মন্ত্রী বলেন, “তিনটি মন্ত্রণালয়ই একটির সঙ্গে আরেকটি যুক্ত। মাছ খাদ্য, ধান-গম খাদ্য, পশু কৃষি ফসল সবকিছুই একটির সঙ্গে অন্যটি যুক্ত। মন্ত্রণালয় তিনটা হলেও আমার মনে হয় কাজ করা অনেক সহজ হবে। আর তিনটি মন্ত্রণালয়ের একজন করে প্রতিমন্ত্রীও দেওয়া হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীরও কৃষি নিয়ে পরিকল্পনা রয়েছে। তিনি মনেপ্রাণে বিশ্বাস করে এদেশের ইকোনমি চাঙা করতে হলে কৃষিতে উন্নয়ন করতে হবে।”
এদিকে ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে আমিন উর রশিদ ইয়াছিন কুমিল্লা-৯ আসনে থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯ সালে তিনি কুমিল্লা কোতোয়ালি থানা বিএনপির সভাপতি নির্বাচিত হন। ২০০১ সালে কেন্দ্রীয় বিএনপির সদস্য মনোনীত হন।
২০০৯ সালে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সহ-সম্পাদক হন। পরে কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মনোনীত হন। ২০২২ সালের ৩০ মে ইয়াছিনকে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ঘোষণা করা হয়। সর্বশেষ ২০২৫ সালের ১২ মার্চ দলের সদ্য প্রয়াত সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনোনীত হন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পাওয়ায় তার অনুসারীরা দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে রাজপথে লাগাতার আন্দোলন করেন। শেষ পর্যন্ত তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে কুমিল্লা-৬ আসনে (সদর, কুমিল্লা সদর দক্ষিণ ও কুমিল্লা সিটি কপোরেশন) নিজের মনোনয়ন জমা দেন। পরে দলের চেয়ারম্যান তারেক রহমানের অনুরোধে তিনি মনোনয়ন প্রত্যাহার করেন। দলীয় প্রার্থী মনিরুল হক চৌধুরীকে বিজয়ী করতে তার পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন।
আরিফ আজগর/এমটিআই