জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা বিএনপির, আসামি ১ হাজার ৪৪

শেরপুরের ঝিনাইগাতীতে নির্বাচনী ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় জামায়াত নেতা-কর্মীদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে বিএনপি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ঝিনাইগাতী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মান্নান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৮ জানুয়ারি উপজেলা প্রশাসনের আয়োজনে ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে জামায়াত নেতা-কর্মীদের হামলায় বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হন।
এ ঘটনায় ঝিনাইগাতী উপজেলার শালচুড়া গ্রামের আমজাদ ও ভারুয়া গ্রামের হাসিবুল হাসান শান্ত বাদী হয়ে গত ১০ ফেব্রুয়ারি ঝিনাইগাতী সিআর আমলী আদালতে পৃথক দুটি মামলা দায়ের করেন। দুটি মামলাতেই শ্রীবরদী উপজেলার পশ্চিম তাতীহাটি এলাকার মৃত বাচ্চু মিয়ার ছেলে আজহারুল ইসলামকে (৫০) প্রধান আসামি করা হয়েছে।
দুটি মামলায় মোট ২৪৪ জনের নাম উল্লেখ এবং আরও ৮০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
এর আগে একই ঘটনায় শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম হত্যা মামলায় নিহতের স্ত্রী মারজিয়া বাদী হয়ে সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলকে প্রধান আসামি করে বিএনপি ও সহযোগী সংগঠনের শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার ২৩১ জন নেতাকর্মীর নামে, এবং ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন।
ওই মামলায় বিএনপির প্রার্থী ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেলসহ অধিকাংশ নেতাকর্মী ইতোমধ্যে উচ্চ আদালত থেকে জামিন লাভ করেছেন।
এ বিষয়ে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান বলেন, ১৬ ফেব্রুয়ারি আদালত থেকে ঝিনাইগাতী থানাকে মামলা দুটি নথিভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে পুলিশ।
উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি শেরপুর-৩ আসনের জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যু হওয়ায় এ আসনে নির্বাচন স্থগিত রয়েছে।
মোঃনাইমুর রহমান তালুকদার/এমটিআই