এক সিরাজগঞ্জ থেকেই মন্ত্রী, প্রতিমন্ত্রী ও বিরোধীদলীয় হুইপ

উত্তরবঙ্গের প্রবেশদ্বারখ্যাত যমুনা পারের জেলা সিরাজগঞ্জ। এই জেলা থেকে একই সঙ্গে তিনজন জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু মন্ত্রী, সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য ড. এম এ মুহিত প্রতিমন্ত্রী এবং সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান বিরোধীদলীয় হুইপ হিসেবে দায়িত্ব গ্রহণ করায় জেলায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। অন্যদিকে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য ড. এম এ মুহিত ডাক, তার ও টেলিযোগাযোগ এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। জাতীয় সংসদ ভবনে আয়োজিত অনুষ্ঠানে তারা শপথ গ্রহণ করেন।
ইকবাল হাসান মাহমুদ টুকু এ নিয়ে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর আগে ২০০১ সালে জোট সরকারের সময় তিনি বিদ্যুৎ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এবারের নির্বাচনে তিনি ১ লাখ ৭৭ হাজার ৫৭৮ ভোট পেয়ে জয়ী হন।
ড. এম এ মুহিত সাবেক উপ-প্রধানমন্ত্রী ও প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ ডা. এম এ মতিনের ছেলে। শাহজাদপুর আসন থেকে দ্বিতীয়বার প্রতিদ্বন্দ্বিতা করে এবারই প্রথমবার ১ লাখ ৭১ হাজার ৫০৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান বিরোধীদলীয় হুইপ হিসেবে মনোনীত হয়ে দায়িত্ব গ্রহণ করেছেন। সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর বিরোধী দলের সংসদীয় দলের সভা শেষে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।
দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনে তিনি ১ লাখ ৬১ হাজার ৮৭২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এম. আকবর আলী পান ১ লাখ ৬১ হাজার ২৭৮ ভোট।
এর আগে ২০১৮ সালের নির্বাচনে বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি আওয়ামী লীগ প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফির কাছে পরাজিত হন। তবে এবারের নির্বাচনে ৫৯৪ ভোটের ব্যবধানে জয় পেয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
একই জেলা থেকে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও বিরোধীদলীয় হুইপ মনোনীত হওয়ায় সিরাজগঞ্জে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে আনন্দের আবহ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে শুভেচ্ছা ও অভিনন্দনের বার্তা ছড়িয়ে পড়েছে।
নাজমুল হাসান/আরকে