রাজবাড়ীতে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় ৬ জনের নামে মামলা

রাজবাড়ীতে আর্থিক লেনদেনের জেরে প্রকাশ্যে জাহিদ ফকির (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান।
এর আগে গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নিহতের বাবা মো. মাহতাব ফকির বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৪/৫ জনকে আসামি করে রাজবাড়ী থানায় মামলাটি দায়ের করেন।
নিহত জাহিদ ফকির বিনোদপুর ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. মাহতাব ফকিরের ছেলে। তিনি দীর্ঘদিন মালয়েশিয়ায় থাকার পর দেশে ফিরে স্যানিটারি ব্যবসা শুরু করেছিলেন।
জানা গেছে, পূর্বের আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জের ধরে গত ১৭ ফেব্রুয়ারি দুপুরে জেলা শহরের চরনারায়ণপুর গ্রামের ড্রাইআইস ফ্যাক্টরি এলাকার কিশলয় স্কুলের উত্তর পাশে কয়েকজন যুবক ধারালো অস্ত্র নিয়ে জাহিদের পথরোধ করে। উভয় পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে অভিযুক্তরা জাহিদকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় জাহিদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা জাহিদকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় যে মামলাটি দায়ের করেছেন, এতে রাতুল, সংগ্রাম, আসিফ, সজল, শিখন ও কালা ফরিদসহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামি করা হয়েছে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের বাবা থানায় হত্যা মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
মীর সামসুজ্জামান সৌরভ/এমএসএ