সিলেট সিটি করপোরেশনের প্রশাসক হলেন আব্দুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। রোববার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪–এর ধারা ২৫ক (১) অনুযায়ী করপোরেশনের নতুন বোর্ড গঠন না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তিনি মেয়রের ক্ষমতা প্রয়োগ করবেন এবং বিধি অনুযায়ী ভাতা গ্রহণ করবেন। জনস্বার্থে এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর সিসিকের নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের অপসারণ করা হয়। পরবর্তীতে সিলেটের বিভাগীয় কমিশনারকে অস্থায়ীভাবে প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছিল। সর্বশেষ এ নিয়োগের মাধ্যমে সরকার দলীয় রাজনৈতিক দল বিএনপির একজন নেতাকে সিটি করপোরেশনের প্রশাসনিক দায়িত্বে আনা হলো।
আব্দুল কাইয়ুম চৌধুরী সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন, যদিও তিনি দলীয় মনোনয়ন পাননি। পরে সিলেট বিভাগের ছয়টি আসনে বিএনপির নির্বাচনী সমন্বয়কের দায়িত্ব পালন করেন।
মাসুদ আহমদ রনি/আরকে