পা দিয়ে ময়দা মাড়িয়ে পোড়া তেলে সেমাই তৈরি, সোয়া লাখ টাকা জরিমানা

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে বগুড়া সদর এলাকায় দুটি সেমাই কারখানায় বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় মোট ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে শহরের আটাপাড়ার ইসলামিয়া লাচ্ছা সেমাই কারখানাকে ১ লাখ টাকা এবং বৃন্দাবন পাড়ার জেমি লাচ্ছা সেমাই কারখানাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কারখানাগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন, ময়দার ডো পায়ে মাড়িয়ে তৈরি, অনুমোদনহীন রাসায়নিক রঙ ব্যবহার, ডালডা গলিয়ে প্রয়োগ এবং পোড়া তেল দিয়ে উৎপাদনের মতো গুরুতর অনিয়ম পাওয়া গেছে। এসব অপরাধে প্রচলিত আইনে জরিমানা আরোপ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদি হাসান। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিনিধি এবং জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিল।
অভিযান শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আইন ও বিধি মেনে স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য উৎপাদন ও বাজারজাত করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
আব্দুল মোমিন/আরএআর