ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের বাড়িতে মিলল কোটি টাকার কষ্টিপাথরের মূর্তি

উত্তরের সীমান্তবর্তী জেলা ঠাকুরগাঁওয়ে ভোররাতের এক অভিযানে কোটি টাকার কষ্টিপাথরের একটি মূর্তি উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ ঘটনায় মো. লালা মিয়া (৬০) নামে এক বৃদ্ধকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৪টার দিকে সদর উপজেলার ভূল্লী থানাধীন শুখানপুকুরী ইউনিয়নে অভিযান চালায় র্যাব-১৩, রংপুরের একটি আভিযানিক দল। এ সময় নিজ বাড়ি থেকে মো. লালা মিয়া (৬০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। উদ্ধার করা হয় একটি কষ্টিপাথরের মূর্তি, যার আনুমানিক বাজারমূল্য এক কোটি টাকার বেশি বলে দাবি র্যাবের।
র্যাব-১৩ অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয় এবং আটক ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর প্রযোজ্য ধারায় মামলা প্রক্রিয়াধীন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, রংপুরের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তার বসতঘর থেকে একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করে। উদ্ধারকৃত মূর্তিটির আনুমানিক বাজারমূল্য এক কোটি টাকার বেশি বলে দাবি করা হয়েছে।
র্যাব সূত্র আরও জানায়, প্রত্নতাত্ত্বিক নিদর্শন চোরাচালান রোধে ‘জিরো টলারেন্স নীতিতে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ আমার অহংকার এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন নিয়মিতভাবে চুরি, ডাকাতি, রাহাজানি, চোরাকারবারি, বৈদেশিক মুদ্রা পাচারসহ বিভিন্ন অপরাধ দমনে অভিযান পরিচালনা করে আসছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
রেদওয়ান মিলন/এসএইচএ