কমলগঞ্জে রমজান উপলক্ষে মাসব্যাপী বিনা লাভের বাজার

মৌলভীবাজারের কমলগঞ্জে পবিত্র রমজান মাস উপলক্ষে বিনা লাভের বাজার চালু করা হয়েছে। এই বাজারে বিভিন্ন পণ্য কিনতে ভিড় করেছেন ক্রেতারা। যার যার পছন্দ ও চাহিদামতো বিভিন্ন ধরনের পণ্য কিনে নিয়েছেন। স্বাভাবিক বাজারের তুলনায় কম দামে পণ্য কিনতে পেরে খুশি ক্রেতারা।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) উপজেলার পতনঊষার ইউনিয়নের শহীদনগর বাজার পতনঊষারে ‘বিনা লাভের বাজার গিয়ে জানা যায়, গত মঙ্গলবার থেকে এই বাজার চালু করেন নেছার, ফাহিম, সানি, সাকিব, সামাদ, সাকি, বেলাল ও ইলিয়াস নামে আট বন্ধু। এই বাজার চলবে প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত পুরো রমজান মাস।
বিনা লাভের বাজারে আপেল প্রতি কেজি ২৫০ টাকায়, মাল্টা কেজি ৩০০ টাকায়, দেশি পিয়াজ কেজি ৩৫ টাকায়, দেশি রসুন কেজি ৬০ টাকায়, চানা কেজি ৮০ টাকায়, মসুরির ডাল কেজি ৮৫ টাকায়, চানার ডাল কেজি ৫৮ টাকায়, সেমাই ৩৮ টাকায়, আলু কেজি ১৫ টাকায়, শসা কেজি ৫৫ টাকায়, গাজর কেজি ৩০ টাকায়, ধনিয়া পাতা কেজি ৩০ টাকায়, কাচা মরিচ কেজি ১৩০ টাকায়, লম্বা আলু ২ কেজি ২৫ টাকায় বিক্রি করা হচ্ছে।
নজমুল ইসলাম নামে এক ক্রেতা বলেন, আমি কাচা মরিচ ১৩০ টাকা কেজি ধরে কিনেছি। অথচ বাজারে কাচা মরিচ ১৮০ থেকে ২০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। আলু ১৫ টাকা করে নিয়েছি বাহিরে ২০ টাকা বিক্রি হচ্ছে। ধনিয়া পাতা এখানে ৩০ টাকা কেজি বিক্রি করেছে বাইরে ৬০ থেকে ৭০ টাকা বিক্রি হচ্ছে। এখানে বাজার করে আমার টাকা সাশ্রয় হয়েছে।
বিনা লাভের বাজারের উদ্যোক্তা ফাহিম, সানি, সাকিব ও সাকি বলেন, পবিত্র রমজান মাস আসার সাথে সাথেই আমাদের দেশে অনেক পণ্যের দাম বাড়িয়ে দেওয়া হয়। সাধারণত নিম্নআয়ের মানুষেরা অনেক কষ্ট করে রোজা মাসে চলতে হয়। এজন্য আমরা মাসব্যাপী বিনা লাভের বাজারে চালু করেছি। যাতে অন্তত বিনা লাভের বাজার থেকে পণ্য কেনার পর কিছু টাকা সাশ্রয় হয় সাধারণ মানুষের। একই সাথে ক্রেতাদের কিছুটা স্বস্তি ফিরে আসবে।
আরকে