টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউজবোটে আগুন

সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরের পর্যটকবাহী মাছরাঙা হাউজবোটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে তাহিরপুর উপজেলার আনোয়ারপুর বাজার সংলগ্ন রক্তি নদীতে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই মাছরাঙা হাউজবোটের মাঝামাঝি অংশ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং হাউজবোটের ভেতরের আসবাবপত্র, বিছানা, জেনারেটরসহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে যায়।
আনোয়ারপুর বাজারের ব্যবসায়ী হাফিজুর রহমান বলেন, হঠাৎ মাছরাঙা হাউজবোটে আগুনের ধোঁয়া দেখে দৌড়ে যাই। তখন আগুন অনেকটাই ছড়িয়ে পড়েছে। বাজারের লোকজন নদীর পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী বাবুল মিয়া বলেন, এই হাউজবোটে কিছু লোক কাজ করছিল। হঠাৎ বোটের পেছনের দিকে আগুন দেখা যায়। আশপাশের লোকজন পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। আগুন লেগে হাউজবোটের কিছু অংশ ও নানা জিনিসপত্র পুড়ে গেছে। স্থানীয় ও বাজারের লোকজনের প্রচেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়েছে।
মাছরাঙা হাউজবোটের মালিক মো. মনিরুজ্জামান বলেন, জেনারেটর চালিয়ে কাজ করার সময় সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নেভানো সম্ভব হওয়ায় বড় ক্ষতি হয়নি। তবে হাউজবোটের স্টাফ রুম ও পেছনের অংশের কিছু জায়গা পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা হতে পারে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আগুনে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে জেনারেটর থেকে আগুনের সূত্রপাত হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় হাউজবোটটি বড় ক্ষতি থেকে রক্ষা পেয়েছে।
তামিম রায়হান/আরকে