সড়ক দুর্ঘটনার ৭০ শতাংশই ঘটে মোটর সাইকেলে

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত খুলনা জেলার ২৩ জন, সাতক্ষীরার ১৩ জন ও বাগেরহাটের ১০ জনের মাঝে মোট এক কোটি ৯৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বিআরটিএ বোর্ড কর্তৃক খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেন, সড়ক দুর্ঘটনা কারো কাম্য নয়। সড়কে দুর্ঘটনারোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইন বাস্তবায়ন করা জরুরি। সড়ক দুর্ঘটনর ৭০ শতাংশই ঘটে মোটর সাইকেলে। মোটর সাইকেল চালানোর সময় মাথায় হেলমেট পরিধান করতে হবে।
তিনি বলেন, পেশাদার চালকদের জন্য প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে। বর্তমান সরকার জনবান্ধব সরকার। সড়কে দুর্ঘটনা প্রতিরোধে নিতে হবে সমন্বিত পদক্ষেপ। এক্ষেত্রে গাড়ি চালকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। গাড়ির গতিসীমা প্রতি ঘণ্টায় ৬০ কিলোমিটারে রাখার জন্য চালকদের প্রতি অনুরোধ করেন বিআরটিএ চেয়ারম্যান।
খুলনার জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিআইটিএর পরিচালক (অডিট ও আইন) রুবায়াৎ-ই-আশিক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূরুল হাই মোহাম্মদ আনাছ, খুলনা বিআরটিএর পরিচালক (ইঞ্জিনিয়ার) মো. জিয়াউর রহমান, মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহিদ হাসান খান, বাস-মিনি বাস মালিক সমিতির সভাপতি রবিউল করিম, ট্রাক শ্রমিক মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ ওয়াহিদুল ইসলাম, দৈনিক কালের কণ্ঠের ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন, সড়ক দুর্ঘটনায় ভুক্তভোগী মো. আসলাম হোসেন গাজী প্রমুখ বক্তব্য দেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিআইটিএর উপপরিচালক তানভীর আহমেদ। খুলনা জেলা প্রশাসন ও বিআরটিএ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ করেন।
মোহাম্মদ মিলন/আরএআর