তিস্তা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন, ১১ নৌকা বিনষ্ট করল প্রশাসন

নীলফামারীর ডিমলায় তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করার দায়ে ১১টি ইঞ্জিনচালিত নৌকাসহ বিভিন্ন সরঞ্জাম বিনষ্ট করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে টেপাখড়িবাড়ি ও খালিশাচাপানি ইউনিয়নের তিস্তা নদী সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এতে নেতৃত্বে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরানুজ্জামান। তাকে সহায়তা করেন সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, বিজিবি ও পুলিশের সদস্যরা।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করে বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে আজকে বিকেলে অভিযান চালানো হয়। এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পাথর উত্তোলনকারীরা পালিয়ে যায়। পরে নদী থেকে উত্তোলিত পাথর বহনের কাজে ব্যবহৃত ১১টি ইঞ্জিনচালিত নৌকা ও ৬টি শ্যালো বিনষ্ট করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামান বলেন, তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধ করতে হবে। আমরা প্রশাসনের পক্ষে এটি বন্ধে কাজ করছি। আজকে অভিযান চালিয়ে ১১টি ইঞ্জিনচালিত নৌকাসহ বিভিন্ন সরঞ্জাম বিনষ্ট করা হয়েছে। আগামীতে অভিযান চলমান থাকবে।
শাহজাহান ইসলাম লেলিন/আরএআর