চট্টগ্রামে চার প্রতিষ্ঠানকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত

পবিত্র রমজান মাসকে সামনে রেখে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন ও বিক্রির দায়ে চট্টগ্রামের বাকলিয়া এলাকায় চার প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিএসটিআই ও নিরাপদ খাদ্য অধিদপ্তরের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব জানায়, বাকলিয়া থানা এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি করছেন– এমন গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানগুলো ক্ষতিকর রাসায়নিক পদার্থ মিশিয়ে এবং বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই পণ্য বাজারজাত করছে। এসব অনিয়মের দায়ে ‘দেলোয়ার ফুড প্রোডাক্টসহ’ মোট চারটি পৃথক প্রতিষ্ঠানকে মোট ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
চট্টগ্রাম র্যাবের সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন বলেন, রমজানকে সামনে রেখে ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদন বন্ধ এবং জনসাধারণের জন্য নিরাপদ খাবার নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এমআর/বিআরইউ