কুড়িগ্রামে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

কুড়িগ্রামে অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের সংঘর্ষে জেলা সিভিল সার্জন অফিসের সাবেক এক স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ঘটনা ঘটেছে কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের বিসিক শিল্প নগরী সংলগ্ন এলাকায় এ ঘটনায় ঘটে।
কুড়িগ্রাম সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত স্বাস্থ্য কর্মীর নাম আজিজুর রহমান (৬৩)। তিনি বগুড়ার নন্দিগ্রাম উপজেলার মাটিহাঁস গ্রামের বাসিন্দা ইয়াকুব আলী সরকারের ছেলে। তিনি কুড়িগ্রাম সিভিল সার্জন অফিসের অবসরপ্রাপ্ত কোল্ড চেইন টেকনিয়শিয়ান ছিলেন।
আহত ব্যক্তির নাম আব্দুল মতিন (৫৮)। তার বাড়ি জেলা শহরের প্রাণিসম্পদ অফিস সংলগ্ন মুন্সিপাড়া গ্রামে। তাকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে আজিজুর ও মতিন মোটরসাইকেল যোগে কুড়িগ্রাম শহর থেকে বিসিক শিল্প নগরী এলাকার দিকে যাচ্ছিলেন। এ সময় উলিপুর থেকে কুড়িগ্রামগামী একটি অ্যাম্বুলেন্স তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা আজিজুর ও মতিন ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক আজিজুর রহমানকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আব্দুল মতিনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম বলেন, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মমিনুল ইসলাম বাবু/এমএন