বরিশালে ট্রলি-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৭

বরিশালের গৌরনদী উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে ট্রলি ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত সাতজন আহত হয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে মহাসড়কের মাহিলাড়া এলাকার আকন বাড়ির সামনে ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ জানায়, ট্রলি ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই চালক নাইমুল ইসলাম (৩৫) মারা যান। আহতদের মধ্যে রয়েছেন- ভোলার দৌলতখান এলাকার মো. ইব্রাহীম, আসমা বেগম, ইয়াকুব হোসেন, সুমি বেগম, সানজিদা খানম, শাকিল হোসেন ও প্রদীপ।
স্থানীয়রা জানান , ঢাকা থেকে রোগী ও স্বজনদের নিয়ে বরিশালের দিকে আসা অ্যাম্বুলেন্সটির সঙ্গে মহাসড়কে মালবাহী একটি ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সচালক নিহত ও সাতজন যাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
বিসমিল্লাহ অ্যাম্বুলেন্স সার্ভিসের অ্যাম্বুলেন্সটি দুর্ঘটনায় পড়ে বলে জানান গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ।
তিনি বলেন,অ্যাম্বুলেন্সটি মহাসড়কের মাহিলাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইটের খোয়া বোঝাই একটি বড় ট্রলির সঙ্গে সংঘর্ষ হয়। দুর্ঘটনাকবলিত দুইটি যানবাহন জব্দ করা হয়েছে এবং নিহত চালকের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
আরিফ হোসেন/এসএইচএ