পিরোজপুরের সাবেক এমপি শাহ আলম ঢাকায় আটক

পিরোজপুর ২ (নেছারাবাদ, কাউখালী, ভান্ডারিয়া) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের সাবেক প্রশাসক অধ্যক্ষ শাহ্ আলমকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকার ডিপ্লোমা ইনস্টিটিউটের সামনে থেকে তাকে আটক করা হয়।
রমনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাহাত খান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত শাহ আলমের ছেলে মো. সাগর বলেন, বাবা ঢাকার ডিপ্লোমা ইনস্টিটিউটে ইফতার পার্টির একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গেলে স্থানীয় লোকজন তাকে চিনতে পেরে বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এ সময় পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে পড়লে জনতা রমনা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বাবাকে সেখান থেকে আটক করে থানায় নিয়ে যায়। বাবাকে রাজনৈতিক প্রতিহিংসার জন্য আটক করা হয়েছে।
রমনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাহাত খান বলেন, বিক্ষুব্ধ জনসাধারণের তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, শাহ্ আলম ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত পিরোজপুর-২ আসন থেকে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
শাফিউল মিল্লাত/এমএন