বগুড়া সিটি করপোরেশন গঠন চূড়ান্ত পর্যায়ে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বগুড়া সিটি করপোরেশন গঠনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, বগুড়া সিটি করপোরেশন গঠন এখন দ্বারপ্রান্তে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে।
তিনি আরও বলেন, আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিকে ঘিরে প্রধানমন্ত্রীর বগুড়া সফরের সম্ভাব্য সময়সূচি এখনও চূড়ান্ত হয়নি। শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
এর আগে প্রতিমন্ত্রী মতবিনিময় সভায় অংশ নিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে পৌঁছালে জেলা প্রশাসক তৌফিকুর রহমানের নেতৃত্বে স্থানীয় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
সভায় মীর শাহে আলম বলেন, দীর্ঘদিন উন্নয়ন থেকে বঞ্চিত বগুড়ার কাঙ্ক্ষিত উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। তিনি বলেন, বগুড়াবাসীর প্রত্যাশা অনেক বেশি। তাই জেলার উন্নয়নে সকল সংসদ সদস্যকে নিয়ে সমন্বিতভাবে কাজ করা হবে।
মতবিনিময় সভায় বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন, বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিলটন, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাসহ জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আব্দুল মোমিন/এসএইচএ