আগুনে পুড়ল দিনমজুরের দুটি গাভীসহ ২১টি ছাগল

বরিশালের বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের শিলন্দিয়া গ্রামে দিনমজুর মুজাম্মেল হক মল্লিকের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ২১টি ছাগল ও ২টি গাভী পুড়ে মারা গেছে। এ ঘটনায় তার একমাত্র বসতঘরটিও সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি রাত ১১ টার দিকে এই মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে পার্শ্ববর্তী উপজেলা গৌরনদী ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা ঘটনাস্থলে যাত্রা করেন। তবে দূরত্ব ও ভাঙা রাস্তার কারণে তারা সময়মতো পৌঁছাতে পারেননি। পরে তারা ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করেন।
স্থানীয়রা জানান, মুজাম্মেল হকের গোয়ালঘরে জ্বালানো মশার কয়েল থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বসতঘরসহ সব গরু-ছাগল পুড়ে যায়। পরিবারটি এখন চরম মানবেতর অবস্থায় রয়েছে।
ভুক্তভোগী মুজাম্মেল হক মল্লিক বলেন, আমার সব শেষ হয়ে গেছে। কষ্ট করে গরু-ছাগল পালতাম। এটাই ছিল আমাদের জীবিকার সম্বল। এখন আমার কিছুই রইল না।
প্রত্যক্ষদর্শী প্রতিবেশী শাহরিয়ার নাফিজ বলেন, গোয়ালঘরে জ্বালানো মশার কয়েল থেকেই আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। মুজাম্মেল ভাই দিন-রাত গরু-ছাগল নিয়েই ব্যস্ত থাকতেন। তার এই অপূরণীয় ক্ষতি আমাদের ব্যথিত করেছে। আমরা চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারিনি।
এই অগ্নিকাণ্ডে বসতঘর, মালামাল, ছাগল ও গাভীসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছে ভুক্তভোগী পরিবার।
গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের অফিসার মিজানুর রহমান বলেন, আমরা অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ছুটে যাই। কিন্তু প্রত্যন্ত অঞ্চলের রাস্তা খারাপ থাকায় গাড়ি নিয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সবকিছু ভস্মীভূত হয়ে যায়। আমরা পরবর্তীতে ঘটনাস্থল পরিদর্শন করেছি। গবাদিপশুগুলোও পুড়ে একাকার হয়ে গেছে। বিষয়টি অত্যন্ত হৃদয়বিদারক।
আরিফ হোসেন/এসএইচএ