মাদক ছাড়ার ঘোষণা দিয়ে যুবকের মাইকিং

পাবনায় এক যুবকের ব্যতিক্রমী উদ্যোগে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাদক ছাড়ার ঘোষণা দিয়ে মাইকিং করেছেন তিনি। একইসঙ্গে এলাকায় অন্য কাউকে মাদক সেবন করতে দেবেন না বলে জানান তিনি।
ব্যতিক্রমী এই মাইকিং শুনে এলাকার মানুষজন বিস্মিত হয়েছেন। অনেকেই এ নিয়ে নানা মন্তব্য করছেন।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরের দিকে ঈশ্বরদী পৌর শহরের ইস্তা এলাকায় এই মাইকিংয়ের ঘটনা ঘটে।
ওই যুবকের নাম ফাইম হোসেন (৩০)। তিনি ইস্তা মসজিদ মোড় এলাকার জিয়াউর রহমানের ছেলে।
মাইকিং করার সময় ফাইম হোসেন বলেন, এই এলাকার সব মাদকসেবী ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আজকের পর থেকে কেউ ইস্তা এলাকায় মাদক সেবন করতে আসবেন না। আমি নিজেও মাদক সেবন করি, আজকের পর থেকে আর সেবন করবো না। কেউ যদি আমাকে মাদক সেবন করতে দেখেন তাহলে পুলিশে ধরিয়ে দেবেন।
ফাহিম হোসেন বরেন, আমি নিজে ৩৫০ টাকা খরচ করে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ৪টি গ্রামে মাইকিং করেছি। সোমবার রাতে মাদক সেবনের সময় কয়েকজন মাদকসেবনকারী আমাদের অপমান করে। তাদের প্রতি ক্ষুদ্ধ হয়ে আমি নিজের টাকা খরচ করে মাইকিং করছি। আমি আর নিজে মাদক সেবন করবো না।
তিনি আরও বলেন, আর কেউ যেন মাদক সেবন করতে না পারে সেজন্য যা করার করবো। এ নিয়ে কেউ যদি আমার ক্ষতি করার চেষ্টা করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে ইতিবাচক উদ্যোগ হিসেবে স্বাগত জানিয়েছেন। আবার কেউ এটিকে সাময়িক আবেগের বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করেছেন। তবে ব্যতিক্রমী এ মাইকিং এখন এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুর রহমান বলেন, নিশ্চয় এটি ভালো কাজ। এর মাধ্যমে সমাজের আরও অনেক যুবক মাদক ছাড়তে উদ্যোগে নেবে। এ সময় তাকে স্বাধুবাদ জানান তিনি।
রাকিব হাসনাত/এএমকে